প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২২ ০৪:৫০:০০ || আপডেট: ২০১৮-১০-২২ ০৪:৫০:০০
প্রদীপ শীল, রাউজান প্রতিতিনিধি ঃ
চট্টগ্রামের রাউজানে এয়ারগানের (পশু শিকারে ব্যবহৃত বন্দুক) গুলিতে দুইজন আহত হয়েছে।
২১ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাপলঙ্গা এলাকার মিঠাপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কুমিল্লার মুমিনুল ইসলামের পুত্র মো. মুনির হোসেন (২৫) ও সাপলঙ্গা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন মুক্তা (২৬)।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার সাপলঙ্গা এলাকায় রাস্তার পাশে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা রফিকুল ইসলাম রাগান্বিত হয়ে ঘর থেকে এয়ারগান বের করে ভাতিজা সাইফুল ইসলামের পক্ষের লোকজনকে গুলি করে।
এতে সাইফুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন মুক্তা ও তাদের আত্মীয় মুনির হোসেন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গহিরা জে কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল বলেন, তুচ্ছ ঘটনায় এয়ারগান দিয়ে গুলি করে আমার ভাবি ও আমাদের ঘরে বেড়াতে আসা মেহমানকে আহত করে। আমাদের আত্মীয় মুনির হোসেনের ঘাড়ে ও আমার ভাবির হাতে গুলি লাগে। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। আমরা প্রথমে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন রেজা স্যারকে ফোন করি। পরে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এয়ারগান ও বুলেটসহ রফিকুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যান। আমরা গুলিবিদ্ধদের নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এই প্রসঙ্গে রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এয়ারগান দিয়ে গুলি করেছে। দুইজন আহত হয়েছে বলে শুনেছি। তাদের গহিরার একটি প্রাইভেট হসপিটালে নেয়া হয়েছে। রফিকুল ইসলাম বর্তমানে থানা হেফাজতে রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এয়ারগান জব্দ করেছি।