নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-২৩ ০৯:১১:৫৯ || আপডেট: ২০১৮-১০-২৩ ০৯:১১:৫৯
চট্টগ্রামে নগরীর জিইসি মোড়ে হোটেল মেরিডিয়ানের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে বিএনপির দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২২ অক্টোবর, সোমবার বেলা পৌনে ২টার দিকে তাদের উঠিয়ে নেওয়া হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী।
তুলে নিয়ে যাওয়া দুই নেতা হলেন—বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তবে ডিবির এসি (উত্তর) কাজল কান্তি জানান, এ ব্যাপারে তারা কিছু জানেন না।
এদিকে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সরকার একদিকে নির্বাচনি রোড-রেল শো, জাহাজ শো করছে। অন্যদিকে হামলা-মামলা গ্রেফতার করে বিরোধী দলকে দমন চালিয়ে একতরফা নির্বাচন করার পাঁয়তারা করছে।’
সরকারের এমন স্বৈরাচারী আচরণের কারণে জনগণ রাজপথে নেমে আসবে জানিয়ে বিএনপির এই নেতা আরও বলেন, ‘স্বৈরাচারী মনোভাব অব্যাহত রেখে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার যদি মনে করে আবারও তারা ক্ষমতার মসনদ দখলে নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।’ আটক দুই নেতার অবিলম্বে মুক্তি দাবিও করেন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি।
সূত্রে: প্রিয়.কম।