নীরব জসীম
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-২৩ ০৯:২৩:৩৩ || আপডেট: ২০১৮-১০-২৩ ০৯:২৩:৩৩
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ওয়াসার পানি শোধনাগারের সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকরা হলেন- নজরুল (৩০) ও ইউসুফ (২২)।
২২ অক্টোবর, সোমবার উপজেলার মদুনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে বিডি নিউজের খবরে জানানো হয়েছে।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবদুল করিম জানান, ১৫-২০ দিন আগে পানি শোধনাগার প্রকল্পের একটি সেপটিক ট্যাংকে ঢালাই করা হয়। সকালে সেটির ঢাকনা খুলে দুই শ্রমিক প্রবেশ করলে সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির উদ্দিন জানান, হাসপাতালে আনার পরে দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
চিকিৎসকের বরাত দিয়ে আমির উদ্দিন আরও জানান, অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে নিঃশ্বাস বন্ধ হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে।
সূত্রে: প্রিয়.কম।