চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

‘আমরা যদি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পারি, রাষ্ট্র ক্ষমতার মালিক আমরা হব’ : ড. কামাল

প্রকাশ: ২০১৮-১০-২৪ ১৯:৪৫:৩৫ || আপডেট: ২০১৮-১০-২৪ ১৯:৪৫:৩৫

অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবি‌তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ক্ষমতার মালিক আমরা হব। বিজয় আমাদের অনিবার্য।’

২৪ অক্টোবর, বুধবার বিকেলে সিলেট জেলা রেজিস্টারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে গণফোরামের সভাপতি কামাল হোসেন এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, ‘দেশ আজকে স্বৈরাচারের কবলে পড়েছে। এখান থেকে দেশকে মুক্ত করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল জনগণ ক্ষমতার মালিক হবে।’

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘উন্নয়নের কথা বলা হচ্ছে, কার উন্নয়ন হয়েছে? গুটিকয়েক মানুষের উন্নয়ন হয়েছে, যারা মানুষের ভোটের অধিকার হরণ করছে।’

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘কষ্ট করে মাঠে নেমেছেন। মাঠে থাকবেন তো! অনেকে বলে আমরা মাঠে নেই।’

কামাল হোসেন বলেন, ‘সংবিধানে ক্ষমতার মালিক জনগণ উল্লেখ থাকলেও আদতে এর মালিকানা জনগণের নেই। এ মালিকানা পুনরুদ্ধারের জন্য দেশে সত্যিকারের নির্বাচন হতে হবে। জনসাধারণের ভোটের অধিকারের জন্য সাত দফা বাস্তবায়ন করতে হবে।’

কামাল বলেন, ‘আমরা জনগণের মালিকানা ফিরিয়ে আনতে মাঠে নেমেছি। এর জন্য দেশের মানুষকে সম্পৃক্ত করেছি। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা আবারও দেশের মালিক হব।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সিলেটবাসী অনেক ইতিহাসের জন্ম দিয়েছে। আজ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু হলো। নতুন লড়াইয়ের মধ্য দিয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘তফসিলের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আগামী নির্বাচনে ইভিএম চলবে না। ডিজিটাল চুরি করতে দেওয়া হবে না। আমাদের লক্ষ্য উন্নয়নধর্মী রাষ্ট্র গঠন করা।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *