আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১০-২৭ ১৩:১৮:২২ || আপডেট: ২০১৮-১০-২৭ ১৩:১৮:২২
বীর কন্ঠ ডেস্ক :
সিলেটের পর শনিবার (২৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নেতা-কর্মীরা। সমাবেশ কেন্দ্র করে সকাল থেকে কাজীর দেউরিতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা।
দুপুর ২টা থেকে এ সমাবেশে ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে। ইতোমধ্যে নেতারা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছেন। এদিকে সমাবেশের স্থান ও এর আশপাশে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
জোট নেতারা বলছেন, তারা শুরু থেকেই সমাবেশ নিয়ে প্রস্তুত ছিলেন। তাই দেরিতে অনুমতি মিললেও আজ বিকেলের সমাবেশে জনতার ঢল নামবে। গতকাল রাতের মধ্যেই শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। ইতোমধ্যে সমাবেশস্থলের আশপাশে ভিড় করতে শুরু করেছেন নেতাকর্মীরা।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার জন্য আমরা আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সে অনুসারে আমরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ চট্টগ্রামবাসী জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে। ’
নগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘নাসিমন ভবনে আমাদের পার্টি অফিসের সামনে নূর আহমদ সড়কে সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু হবে। নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার প্রস্তুতি রয়েছে।
শুক্রবার সকালে সকালে জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতিসভা ও বিকেলে চট্টগ্রাম বিভাগের বিএনপির সকল নগর ও জেলার নেতৃবৃন্দের যৌথ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।