আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-২৮ ০১:৫৪:৫২ || আপডেট: ২০১৮-১০-২৮ ০১:৫৫:১৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের পীর-আউলিয়ার মাজার জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। আজ শনিবার নগরীর কুতুব শাহ আমানত (র.) এর মাজার জেয়ারতের মধ্য দিয়ে জিয়ারতে কাফেলা নামের এই কর্মসূচি শুরু করে। এ কাফেলায় নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন ও সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ। জেয়ারতে কাফেলায় ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন মাজারে জেয়ারতের পাশাপাশি পথসভায় বক্তৃতা করেন। পথসভাগুলো পরিণত হয় নির্বাচনী সমাবেশে। প্রতিটি সমাবেশে ইসলামী ফ্রন্টের পক্ষে ভোট চান কেন্দ্রীয় নেতারা।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় পটিয়া থানার মোড়ে সমাবেশে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব এম.এ মতিন বলেন, মানুষ আর সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি দেখতে চায় না। শান্তি ও সুন্নিয়ত প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জাতীয় পার্টির সাথে সম্মিলিত জাতীয় জোট গঠন করেছে। দুঃখের বিষয় আজ দেশের সাধারণ মানুষের অধিকার নেই। উন্নয়নের নামে দেশে চলছে লুটপাট ও সন্ত্রাসী কার্যকালাপ। পরিস্থিতি পরিবর্তনের জন্য মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
এর পূর্বে আনোয়ারায় সমাবেশে এম.এ. মতিন বলেন, আনোয়ারায় গুটি কয়েক সরকারি প্রশাসনের কর্মকর্তা ও চিহ্নিত জনপ্রতিনিধিদের পৃষ্টপোষকথায় মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। মাদকের এ গডফাদারদের ধরার কোন উদ্যোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত জাতীয় জোটের প্রার্থীদের নির্বাচিত করে এ দেশে মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তিকে রাষ্ট্র পরিচালনার করার সুযোগ দিন। আজ শনিবার সকালে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনোয়ারায় ইসলামী ফ্রন্টের উদ্যোগে আয়োজিত নির্বাচনী শোডাউন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সকালে চট্টগ্রাম শহর থেকে র্যালী করে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব এম.এ মতিনের নেতৃত্বে ৫ শতাধিক গাড়ি বহর ও কেন্দ্রীয় নেতাকর্মীদের নিয়ে কর্ণফুলী মইজ্জ্যার টেক, আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজার, আনোয়ারা সদর ও মালঘর বাজার, চন্দনাইশ সদর, চন্দনাইশ কলেজ গেইট, পটিয়ার বাস ষ্টেশন, থানার মোড়, উপজেলা সংলগ্ন, বোয়ালখালী ফুলতল, চাদগাও, কাপ্তাই রাস্তার মাথা পথসভায় বক্তব্য রাখেন। পরে বারই দরবার শরীফ মাজার জেয়ারতের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত ঘোষনা করবে বলে পটিয়া পৌর ইসলামী ফ্রন্ট নেতা এস এম তৌহিদুল আলম ফারুকী জানান।
এইসব সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি এম.এ মতিন ছাড়াও বক্তব্য রাখেন, ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা স.ম আবদুস সামাদ, কেন্দ্রীয় নেতা মাওলানা আবু সুফিয়ান আলকাদেরী, সৈয়দ মছিউদৌলাহ, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আহমদ হোসেন আলকাদেরী, সাধারণ সস্পাদক মাষ্টার আবুল হোসেন, যুব সেনার কেন্দ্রীয় সেক্রেটারী সৈয়দ আবু আজম, ছাত্রসেনার কেন্দ্রীয় সেক্রেটারী এইচ এম শহিদ উল্লাহ, পটিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ভাইস চেয়ারম্যান পীরাজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু, দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আলী হোসাইন, পৌর সভাপতি পীরাজাদ শামুনুর রশিদ আমিরী প্রমুখ।