আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ২২:৩৬:০৭ || আপডেট: ২০১৮-১০-৩১ ২২:৩৬:০৭
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া পৌর সদরের সড়ক গুলো গত কয়েক দিনের গুড়ি গুড়ি বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। সড়ক গুলোতে বর্তমানে কাঁদা মাটিতে স্যাতস্যাতে অবস্থা বিরাজ করছে। এমনকি এতে চলাচল করতে গিয়ে কাপড়-চোপড় নষ্ট হয়ে যাওয়ায় প্রতিনিয়ত সাধারণ মানুষ বিভ্রতকর অবস্থার সম্মুখিন হচ্ছে।
জানা যায়, গত কয়েক দিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে পটিয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে শহীদ ছবুর রোড, আদালত-খাসমহাল সড়ক ও পটিয়া রেল ষ্টেশন সড়কে বর্তমানে কাঁদা মাটি জমে সড়কগুলো চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে পটিয়া শহীদ ছবুর রোডে ড্রেন নির্মাণ কাজ চললেও অপরাপর সড়কগুলোতে পানি নিষ্কাষন ব্যবস্থা বাধাগ্রস্থ হয়ে পড়ায় কাঁদা জমে থাকায় জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। গত এক সপ্তাহ ধরে এ অবস্থা চলছে বলে ভুক্তভোগীরা জানান।
পটিয়া পৌর সদরের বাসিন্দা ফারুকুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বর্তমানে এতবেশী কাঁদা জমেছে যে পায়ে হেটে চলার সময় পরনের কাপড়-চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। এতে অফিস আদালতগামী সহ সাধারণ মানুষ ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছলেও দেখার যেন কেউ নেই।
পটিয়া আদালত-খাসমহাল সড়ক ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দিদারুল আলম বলেন, আমাদের সড়ক গুলোর অবস্থা খুবই শোচনীয়। বর্তমানে যে কাঁদা মাটি জমেছে এতে ধান চাষ করার যাবে। আমরা এব্যাপারে পৌর কর্তৃপক্ষ ও মেয়র পটিয়া পৌরসভার সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে জানতে চাইলে পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে পৌরসভার চলমান ড্রেন ও সড়ক উন্নয়ন মাঝ পথে বাধাগ্রস্থ হয়ে পড়েছে। এতে জনগণের সাময়িক যে অসুবিধা হচ্ছে তা দূর করতে আমরা সচেষ্ট আছি। এজন্য বৃষ্টি বন্ধ হওয়া আবশ্যক। বৃষ্টি বন্ধ হলেই এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আর ড্রেন নির্মাণে আমাদের চলমান কাজ শেষে হলে জনভোগান্তি কমে আসবে ইনশাল্লাহ।