শফকত হোসাইন চাটগামী
বাঁশখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১০-৩১ ১৭:২০:৪৮ || আপডেট: ২০১৮-১০-৩১ ১৭:২০:৪৮
শফকত হোসাইন চাটগামী:
বাঁশখালীর গন্ডামারা ইউপি চেয়ারম্যান ও কয়লা বিদ্যুৎ বিরোধী আন্দোলনের একসময়ের আলোচিত নেতা ৫ হত্যাকান্ডসহ একাধিক মামলার আসামি বিএনপি নেতা লেয়াকত আলীকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরের দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম শহরের রেল স্টেশন এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এসময় তার গাড়ী চালক এবং গাড়িটিও সাথে নিয়ে যায় ডিবি। এদিকে প্রথম থেকে
তাকে গ্রেফতারের বিষয়টি স্বীকার না করায় ধুম্রজাল তৈরি হয়। অবশেষে দুপুরের দিকে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
লেয়াকত আলীর ঘনিষ্ট সুত্র জানায়, ডিবি কার্যালয়ে দীর্ঘ ১৪ ঘন্টা আটকে রেখে কয়লা আন্দোলন ও সরকার বিরোধী নানা তৎপরতার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
থানায় হস্তান্তরের পর পুলিশের পক্ষ থেকেও তাকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। বাঁশখালী থানাসহ বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোতে লেয়াকত আলীকে গ্রেফতার দেখানো হতে পারে। কয়লা বিরোধী আন্দোলনে ৫ খুনসহ সর্বশেষ প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম লেয়াকত আলীকে গ্রেফতার এবং থানায় হস্তান্তরসহ তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেন।
বাঁশখালী থানার ওসি কামাল হোসেন জানান, লেয়াকত আলীকে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালী থানায় দায়েরকরা মামলাগুলোতেও তাকে গ্রেফতার দেখানো হবে। তিনি জানান, উধ্বর্তন অফিসারদের নির্দেশনামতেই সব কিছু করা হবে।