মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১১-০১ ১৯:০২:৫৯ || আপডেট: ২০১৮-১১-০১ ১৯:০২:৫৯
মিজবাউল হক, চকরিয়া:
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে একটি অসাধুচক্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে সরকারি ল্যাপটপ বিতরণে খরচের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এক প্রধান শিক্ষকের কাছ থেকে চক্রটি বিকাশের মাধ্যমে ৬হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে সকলকে সর্তক হয়েছে।
জানা যায়, এক প্রতারক চক্র চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুউদ্দিন মোহাম্মদ শিবলী নোমানের সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে গত কয়েক দিন ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে ল্যাপটপ বিতরণের নামে খরচের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে নুরুল আনোয়ার নামে এক প্রধান শিক্ষকের কাছ থেকে চক্রটি বিকাশের মাধ্যমে ৬হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
সাহারবিল আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আনোয়ার জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুউদ্দিন মোহাম্মদ শিবলী নোমানের সরকারি ০১৭৩৩৩৭৩২১৫ এই মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে। ওই নম্বর থেকে বলা হয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু ল্যাপটপ আনা হয়েছে। ল্যাপটপ গুলো বিতরণ করতে কিছু খরচ রয়েছে। ল্যাপটপ নিতে আপনাকে ৬হাজার টাকা দিতে হবে। দ্রুত পার্সোনাল ০১৭৪৯৯৯৬১৬৯ এই নম্বরে বিকাশ করতে হবে। দ্রুত বিকাশে টাকা না দিলে তাকে বদলী করার হবে বলেও হুমকি দেন। একপর্যায়ে ওই নম্বরে ৬হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ল্যাপটপের জন্য আসলে তখন প্রতারণার শিকার হয়েছি বলে জানতে পারি। তাৎক্ষণিক বিষয়টি উিপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে তিনি চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন।
এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান বলেন, একটি প্রতারক চক্র তার সরকারি নম্বর ক্লোন করে ল্যাপটপ বিতরণ দেওয়া হবে বলে টাকা হাতিয়ে নিচ্ছেন। অথচ সরকারিভাবে কোন ল্যাপটপ বরাদ্দ দেওয়া হয়নি। এরপরও চক্রটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। তিনি আরও বলেন, সকল প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যানদের সর্তক থাকার আহবান জানানো হয়েছে। তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিজ্ঞপ্তি পোষ্ট দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ##