কাইছার হামিদ
প্রকাশ: ২০১৮-১১-০২ ০০:১৭:০৮ || আপডেট: ২০১৮-১১-০২ ০০:১৭:০৮
বীরর কণ্ঠ ডেস্ক:
গণভবন ঐক্যফ্রন্টের সঙ্গে অন্ত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অবাধ, সুষ্টু নিবার্চনে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ঐক্যফ্রন্টের কিছু কিছু অভিযোগ করেছেন, এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদেরও তো একটা বক্তব্য আছে। সেটাও খুব ভদ্রভাবে শালীনতার সঙ্গে বলা হয়েছে। এই আলোচনা অব্যাহত থাকবে।’ বৃহস্পতিবার গণভবনে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘ড. কামাল হোসেনকে যদি জিজ্ঞাসা করুন, তিনি বলবেন, অনেকক্ষণ আলোচনা চলেছে। সাতটা থেকে সাড়ে দশটা। সাড়ে তিন ঘণ্টা। অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এখানে কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিষ্কারভাবে বলে দিয়েছেন, সভা-সমাবেশ চলবে। মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। তবে, রাস্তা বন্ধ করে কোনও সভা-সমাবেশ না করে একটা মাঠে হতে পারে। অনেক মাঠ আছে। ঢাকার ব্যাপার তিনি বলেছেন, দরকার হলে আমরা একটি কর্নার করে দেবো। সেখানে যারা ব্যবহার করবেন, তাদের কাছে ভাড়া দেওয়া হবে। এটা একটা মেনটেইন্সে থাকবে। বিষয়টি নিয়ে কোনও দ্বিমত নেই। এটা তাদের তিন নম্বর পয়েন্ট হলো লেভেল প্লেয়িং ফিল্ড।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের ছয় নম্বর দফা হলো বিদেশি পর্যবেক্ষক আসবেন এবং নির্বাচন মনিটরিং করবেন। এই ব্যাপারেও আমাদের কোনও আপত্তি নেই। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এ ব্যাপারে আমাদের সাপোর্ট থাকবে। আর ইভিএমের ব্যাপারে তিনি বলেছেন, ইভিএম একটি আধুনিক পদ্ধতি। তবে, এবার হয়তো নির্বাচন কমিশন সীমিতভাবে ব্যাবহার করবে। এতে আমাদের সমর্থন থাকবে।’
তিনি আরও বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে মামলা। তারা রাজনৈতিক মামলার বিষয়ে একটা প্রশ্ন তুলেছেন। এই ব্যাপারে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধানমন্ত্রী বলেছেন, তাদের মামলার তালিকা, তাদের যে মামলাগুলোকে রাজনৈতিক মামলা, সে তালিকা আমার কাছে পৌঁছে দিতে। এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলেছি, ড. কামাল হোসেনের যে চিঠি, সেই চিঠির উত্তরেও কিন্তু একটা কথা লেখা ছিল যে, সংবিধানসম্মত সব বিষয়েই আলোচনা হবে। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘আজকে পৃথিবীর কোনও দেশেই সংসদ ভেঙে দিয়ে নির্বাচন হয় না। প্রতিবেশী দেশ ভারতের উদাহরণও দেওয়া হয়েছে।’