আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০২ ০১:২৩:৪১ || আপডেট: ২০১৮-১১-০২ ০১:২৩:৪১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘসূত্রিতার অবসান হয়েছে। পটিয়ার ৫টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হিসেবে কর্ণফুলী উপজেলা আত্মপ্রকাশ করলেও শিকলবাহা ইউনিয়নের ৪, ৫, ৬, ৭, ৮, ৯ নংওয়ার্ড এবং বড়উঠানের দৌলতপুরের (১, ২, ৩) ও ৮, ৯নং ওয়ার্ড এর পুলিশী কার্যক্রম পটিয়া থানার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হত। ফলে এ ইউনিয়ন গুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা চালু থাকায় জনগণ ভোগান্তির মধ্যে পড়তো। আজ বৃহস্পতিবার এ ওয়ার্ডগুলো পটিয়া থানা কর্তৃক উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক কর্ণফুলী থানাকে হস্তান্তর করায় এ ইউনিয়নগুলোতে দ্বৈত শাসনের অবসান ঘটেছে। আজ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ফারুক চৌধুরী। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ ওয়ার্ডগুলোর প্রশাসনিক কার্যক্রম কর্ণফুলী উপজেলার সাথে ও পুলিশী কার্যক্রম পটিয়া থানার সাথে বিদ্যমান থাকায় এর অধিবাসীদের দুর্ভোগের মুখে পড়তে হত। ফলে ভূমি প্রতিমন্ত্রী ও এ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহযোগিতায় আজ কর্ণফুলী থানায় ওয়ার্ডগুলো হস্তান্তরিত হওয়ায় দ্বি-মুখি শাসন থেকে মুক্ত হল ওয়ার্ডগুলোর অধিবাসীরা। তিনি তার উপজেলার পক্ষ থেকে ভূমি প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী জোনের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর মাহমুদ, পটিয়া থানার ওসি তদন্ত রেজাউল করিম মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম, পাঁচ ইউনিয়নের যথাক্রমে শিকলবাহা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বড় উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, জুলধা ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, চরপাথরঘাটা ইউপি চেয়ারম্যান হাজী সাবের আহমদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠুভাবে সিএমপির কর্ণফুলী থানার কাছে ১১টি ওয়ার্ড হস্তান্তর করা হয়েছে। আজ থেকে ওসব ওয়ার্ড গুলো কর্ণফুলী থানার অধীনে পুলিশী কার্যক্রম পরিচালিত হবে।
এ প্রসঙ্গে সিনিয়র সহকারি পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম বলেন, পটিয়া থানা হতে ১১টি ওয়ার্ড আজ সিএমপি নিয়ন্ত্রণাধীন কর্ণফুলী থানাতে হস্তান্তর করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে আমরা তা বুঝেও নিয়েছি।