কাইছার হামিদ
প্রকাশ: ২০১৮-১১-০৩ ২৩:৫২:৫১ || আপডেট: ২০১৮-১১-০৩ ২৩:৫২:৫১
ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ বাংলাদেশের মূল ভিত্তি। যার ওপর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে এবং দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ডেনমার্কে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে কোপেনহেগেনের হলে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ইকবাল হোসেন মিঠু সভাপতিত্ব করেন।
স্বাধীনতা যুদ্ধে নিহত সব শহীদদের এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের রায় কার্যকর করতে সরকারকে তাগিদ দেন।
তিনি আরো বলেন, যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। আগামীতে বাংলাদেশকে আন্দোলনের নামে যারা নাশকতা ও ষড়যন্ত্র করে রাষ্ট্রকে অকার্যকর করতে চায় তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারকে অনুরোধ করেন।
তিনি মনে করেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ বাস্তবায়ন করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ডেনমার্ক আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ ফাহমিদ আল মাহিদ, আব্দুল আল জাহিদ, আহসান উজ্জামান, ডেনমার্ক যুবলীগের সভাপতি আমির জীবন, কামরুল, ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।