চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

বাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুঁড়েছে মিয়ানমার বিজিপি

প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৮:১৮:৫৪ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৮:১৮:৫৪

কক্সবাজার : বাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুঁড়েছে মিয়ানমার বর্ডারগার্ড পুলিশ (বিজিপি)। এতে গুলিবিদ্ধ হয়েছেন একজন স্থানীয় বাঙালি এবং এক রোহিঙ্গা। তাদেরকে উখিয়ার কুতুপালং রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উখিয়ার রহমতের বিল এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি তদন্ত খায়রুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ যুবকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ যুবকদের মধ্যে একজন স্থানীয় পালংখালী ইউনিয়নের রহমতবিল গ্রামের শাহাব উদ্দিনের ছেলে জয়নাল আবেদিন (১৩) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা আমির হোসেনের ছেলে নুরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত লাগোয়া উখিয়ার বালুখালীর রহমত বিল এলাকার স্থানীয় আনোয়ার হোসেনের বাড়িতে রাখাল হিসেবে কাজ করতো রোহিঙ্গা যুবক নুরুল ইসলাম। তার সঙ্গে স্থানীয় জয়নাল প্রতিদিনের ন্যায় সীমান্তের পাশাপাশি এলাকায় গরু চরাতে গেলে সীমান্তের ওপার থেকে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে তারা গুলিবিদ্ধ হয়।

পরে খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করতে গেলে বিজিপি সদস্যরা তাদেরকে লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। পরে গুলিবর্ষণ থামলে গুলিবিদ্ধ জয়নাল ও নুরুল ইসলামকে উদ্ধার করে উখিয়ার রেডক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হঠাৎ করে বাংলাদেশের অভ্যান্তরে মিয়ানমার বিজিপির গুলিবর্ষণের ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সীমান্তে বিজিপি সদস্যদের গুলিবর্ষণ করার কথা স্বীকার করেন। সূত্র: মানবজমিন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *