প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৬:২২:১০ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৬:২২:১০
স্টাফ রিপোর্টার :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১২ দিনমজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং এ ঘটনায় জড়িত উপজেলার বড়হাতিয়া ইউনিয় পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. জুনাইদসহ ৬ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি সচিব বরাবর লিখিত আবেদন করেছে ভুক্তভোগী ৬ দিনমজুর। রোববার পৃথক পৃথকভাবে এ আবেদন করেন তারা।

একই সঙ্গে এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মিথ্যে মামলা প্রত্যাহার চেয়েছে তারা।
আবেদনে দিনমজুররা উল্লেখ করেন, ১২ দিনমজুর গত বছরের ১০ আগস্ট লোহাগাড়া উপজেলা আধুনগর বাজারে কাজ করার সন্ধানে আসেন। সেখান থেকে আধুনগর ইউনিয়নের র্সদানি পাড়ার হারুন নামে একব্যাক্তির জমিতে চাষবাদে কৃষি কাজের দৈনিক মজুরী ধার্য্য করে তাদের বাড়িতে নিয়ে আসে মিজান নামে তাদের এক গৃহকর্মী।
তখন লোহাগাড়া থানার ওসি শাহাজাহানের সঙ্গে হারুনের পরিবারে সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে রাত ১০টার দিকে হারুনের বাড়িতে পুলিশ ঘেরাও করলে তখন দিনমজুররা কোনমতে পালিয়ে পার্শ্ববর্তী বড়হাতিয়া মগদিঘী পাড়ে যায়।
সেখানে দিনমজুররা গেলে চেয়ারম্যান জুনাইদ, আলম মেম্বারসহ স্থানীরা তাদের আটক করে ইউনিয়ন কার্যলয়ে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে এবং এ ঘটনায় পুলিশ ও চেয়ারম্যান অস্ত্র উদ্ধারের নাটক সাজায়। পরদিন অস্ত্র মামলায় কোর্টে চালান দেয় লোহাগাড়া থানা পুলিশ।
পরে এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। এসময় পত্রিকায় ‘১২ দিনমজুরকে ডাকাত সাজিয়ে জেল হাজতে প্রেরণ’ শিরোনামে সংবাদও প্রচার করা হয়। পরে তারা প্র্যত্যেকে ৮-১০ মাস জেলখাটে।
জানা যায়, মিথ্যা এ মামলায় ৮-১০ মাস জেলখাটায় এসব অসহায় দিনমজুর নিঃস্ব হয়ে গেছে। তাই এ মিথ্যা মামলা ও হয়রানী থেকে মুক্তি পেতে স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি সচিব বরাবর লিখিত আবেদন করেছে ভুক্তভোগীরা।
এ ব্যাপারে লোহাগাড়া উপজেলার আধুনগরের বাসিন্দা মো. হারুন জানান, আমার পরিবারের সঙ্গে লোহাগাড়া থানার সাবেক ওসি মো. শাহজাহানের মামলা নিয়ে বিরোধ ও শত্রুতা থাকায় পরিকল্পিতভাবে এটা করা হয়েছে।এ ঘটনায় সাবেক ওসি মো. শাহজাহান, বড়হাতিয়া চেয়ারম্যান জোনাইদ ও মেম্বার আবদুল আলীম জড়িত। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি এবং অসহায় দিনমজুরদের মিথ্যা মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।