মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১১-০৫ ১০:৫১:১৯ || আপডেট: ২০১৮-১১-০৫ ১৪:৪৪:২১
মিজবাউল হক, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে পুড়ে জিহাদুল ইসলাম (২০) প্রকাশ রায়হান চৌধুরী নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোররাত ২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়ন ১নং ওয়ার্ডের দীঘিরপাড় এলাকায় নিজের মুদির দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জিহাদুল ইসলাম একই ইউনিয়নের দীঘিরপাড় এলাকার হাফেজ ইউনুছ আহমদের পুত্র। এদিকে আগুনে পুড়ে জিহাদুল ইসলাম মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন জিহাদ রাত দশটার দিকে বন্ধুদের সাথে ব্যাটমিন্টন খেলেন। খেলার পর রাত ১২টায় দীঘিরপাড়ে তার বাপের ব্যবসায়ি প্রতিষ্ঠান মুদির দোকানে ঘুমাতে যায় জিহাদ। সেখানে সে মশার কয়েল জ্বেলে ও মশারী টাঙ্গিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাত ২টার দিকে কয়েলের আগুন মশারীতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দোকানে ছড়িয়ে পড়লে জিহাদ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। কিন্তু দোকানের কলাপসিবল গেট (দরজা) ভিতর থেকে তালাবদ্ধ থাকায় জিহাদ আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া জিহাদুলের লাশ উদ্ধার করা হয়।
এদিন সকাল ১১টায় দীঘিরপাড় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশনেন চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুউদ্দিন মো: শিবলী নোমান, কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হকসহ সর্বস্তরের জনগণ।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিএম মহিউদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দোকানের ভিতর থেকে দরজা তালাবদ্ধ থাকায় জিহাদুল পুড়ে মারা যায়।
চকরিয়া থানার এসআই মো. আলমগীর বলেন, ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চকরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা নুরুউদ্দিন মো: শিবলী নোমান পরিবারের কাছে গিয়ে সমবেদনা জানান। তৎক্ষনিকভাবে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। পরবর্তীতে ক্ষতিগ্রস্থ পরিবারকে বাড়ি তৈরী করে দেওয়ারও আশ্বাস তিনি। চকরিয়া পৌরসভার পক্ষ থেকে ২০হাজার টাকা অনুদানের আশ্বাস দেন কাউন্সিলর মুজিবুল হক। ##