চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বীর কন্ঠ ডেস্ক কন্ট্রিবিউটর

চবিতে আটক শিক্ষার্থীর জবানবন্দীতে মিলল প্রক্সির মূলহোতা

প্রকাশ: ২০১৮-১১-০৫ ২১:০১:০২ || আপডেট: ২০১৮-১১-০৫ ২১:০১:২৫

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। সোমবার (৫ নভেম্বর) বেলা ১১টায় প্রক্সির দায়ে পূর্বে আটক শিক্ষার্থীর দেয়া তথ্য অনুসারে আনোয়ার হোসেন নামে ঐ শিক্ষার্থীকে আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন ইসলামের ইতিহাস ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে ২৮ অক্টোবর ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সির দায়ে সাবেক শিক্ষার্থী জামশেদুল কবিরকে আটক করা হয়। জামশেদুল কবিরের সাথে ৭০ হাজার টাকার চুক্তি হয় আনোয়ারের। তার দেয়া তথ্যের ভিত্তিতে আনোয়ার হোসেনকে শোকজ নোটিশ পাঠায় চবি প্রশাসন। পরবর্তীতে আজ আব্দুল করিম ভবনের সামনে থেকে তাকে আটক ও মোবাইল-ফোন জব্দ করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

আনোয়ার হোসেন কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়ার বৃন্দাপাড়ার সুলতান আহমদের সন্তান। তার ফেসবুক একাউন্ট থেকে ভর্তি জালিয়াতির বিশাল নেটওয়ার্কের খোঁজ পায় প্রশাসন।

চবি প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতিসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জালিয়াতির সাথেও জড়িত। ব্যবসায় প্রতিষ্ঠানের আড়ালে রমরমা জালিয়াতি চালিয়ে আসছিল আনোয়ার। নগরীর চকবাজারে কুতুবদিয়া কম্পিউটার ও সোনার তরী ট্যুরিজম নামে দুটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক সে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী জানান, বিষয়টি আরেকটু খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক নিয়মানুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রক্সির ব্যাপারে জিরো টলারেন্সে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *