চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় সীমান্তে বিজিবি’র সর্তক অবস্থান

প্রকাশ: ২০১৮-১১-০৫ ১৫:২৬:৩৬ || আপডেট: ২০১৮-১১-০৫ ১৫:২৭:১১

কক্সবাজার  :

কক্সবাজারের উখিয়ার রহমতের বিল সংলগ্ন জিরো পয়েন্টের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে কয়েক দফা গুলিবর্ষণে দুইজন আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এতে সীমান্তে বিজিবির সতর্ক অবস্থানের পাশাপাশি মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে ঘটনার ব্যাখা চেয়ে প্রতিবাদ চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুরুল হাসান খান।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সীমান্তের উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল জিরো পয়েন্টে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি অতর্কিত কয়েক দফা গুলিবর্ষণ করে। এতে সীমান্তের কাছাকাছি এলাকায় গরু চড়াতে যাওয়া এক রোহিঙ্গা কিশোর ও স্থানীয় বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ দিকে সীমান্তে কোনো ধরনের উত্তেজনা না থাকা সত্ত্বেও বিজিপি কর্তৃক অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় দুইজন আহত হওয়ার পর থেকে সীমান্তবর্তী স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘বিজিপির গুলিবর্ষণে গরু চড়াতে যাওয়া স্থানীয় বাংলাদেশি এক শিশু এবং বালুখালী ক্যাম্পের বাসিন্দা এক শিশু আহত হওয়ার পর থেকে সীমান্তবর্তী বাসিন্দারা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া সীমান্তের কাছাকাছি এলাকায় স্থানীয়দের যাতায়াত কমে গেছে।’

লে. কর্নেল মঞ্জুরুল বলেন, ‘রোববার বিকেলের পর থেকে গুলিবর্ষণের আর কোনো ঘটনা ঘটেনি। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তারপরও সীমান্তে বিজিবি সর্তক অবস্থায় রয়েছে।’

‘এ ঘটনার ব্যাখা চেয়ে বিজিপির কাছে প্রতিবাদ চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে। মঙ্গলবারের মধ্যে বিজিপির কাছে এ প্রতিবাদ চিঠি পাঠানোর পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকেরও আহ্বান জানানো হবে,’ বলেন তিনি।

তবে সীমান্তের পরিস্থিতি এখন উদ্বেগজনক নয় বলে দাবি করেন লে. কর্নেল মঞ্জুরুল। সূত্র – রাইজিং বিডি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *