আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-০৬ ২১:০২:০৮ || আপডেট: ২০১৮-১১-০৬ ২১:০২:০৮
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ায় অগ্নিকান্ডে গত ২ দিনে ৩টি দোকান ও ৩বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে। জানা যায়, আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার শোভনদন্ডীতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে ফার্মেসিসহ তিনটি দোকান পুড়ে যায়। পরে পটিয়া ও বোয়ালখালী থেকে দমকল বাহিনীর দুটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও গত সোমবার সন্ধ্যা ৭ টায় পটিয়ার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের দক্ষিণ ভূর্ষি গ্রামে অগ্নিকান্ডে আহমদ মিয়া বাড়ির ৩ বসত ঘর পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির আশংকা করা হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সন্ধ্যা ৭ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হলে দক্ষিণ ভূর্ষি গ্রামের আহমদ মিয়ার বাড়ির নজরুল ইসলাম, মো. রহিম ও আলমাস খাতুনের বসতঘর সম্পূর্ণরূপে ভষ্মিভূত হয়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েই আমি দমকল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয় এলাকাবাসী সহ আগুন নিয়ন্ত্রণে আনি।
ইউনিয়ন আ’লীগের সভাপতি মিহির চক্রবর্ত্তী জানান, হঠাৎ আগুনে ৩ বসত ঘর সহ সকল আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম জানান, অগ্নিকান্ডে সব কিছু পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।
এছাড়াও মঙ্গলবার (৬ নভেম্বর) ভোররাতে শোভনদন্ডীতে অগ্নিকান্ডের সূত্রপাত হলে একটি ফার্মেসিসহ ৩টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের পটিয়া স্টেশন অফিসার সৌমেন বড়ুয়া জানান, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে শোভনদন্ডী এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। পটিয়া ও বোয়ালখালী ফায়ার স্টেশনের দুইটি গাড়ি নিয়ে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানান।