কাইছার হামিদ
প্রকাশ: ২০১৮-১১-০৮ ১৯:৪৬:৫১ || আপডেট: ২০১৮-১১-০৮ ১৯:৪৬:৫১
বীর কণ্ঠ ডেস্ক:
চলতি বছরের ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার তার ভাষণে বলেন, ‘একাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, মনোনয়ন যাচাই-বাছায়ের শেষ তারিখ ২২ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর ও নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।’
প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা যেন প্রতিহিংসায় পরিণত না হয়- দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি এমন আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর মাঝে যদি কোনও মতবিরোধ থাকে তবে রাজনৈতিকভাবে আমি সেই মতবিরোধ মীমাংসার অনুরোধ জানাচ্ছি।’
ভাষণের শুরুতেই দেশবাসীকে শুভেচ্ছা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন পরিচালনার জন্য প্রায় ৭ লক্ষ কর্মকর্তাকে প্রাথমিক পর্যায়ে নিয়োজিত করা হয়েছে বলেও জানান সিইসি।
সিইসি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে আমরা মহামান্য রাষ্ট্রপতিকে সবকিছু জানিয়েছি।’
ভোট শান্তিপূর্ণ হবে জানিয়ে নূরুল হুদা বলেন, ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আনন্দঘন পরিবেশে সবাই ভোটকেন্দ্রে যাবে। সবাই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেবে। কেউ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে যথাযথ আইনগত ব্যবস্থা নিতেও আমাদের প্রস্তুতি থাকবে।’