চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কাইছার হামিদ

তফসিলের পর আন্দোলন কর্মসূচি আইন ও সংবিধান পরিপন্থি : কাদের

প্রকাশ: ২০১৮-১১-০৯ ১৬:৩৩:০৫ || আপডেট: ২০১৮-১১-০৯ ১৬:৩৩:০৫

বীর কন্ঠ ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গতকাল বৃহস্পতিবার (০৮নভেম্বর) ঘোষণা করা হয়েছে। তফসিলের পর আন্দোলন কর্মসূচি আইন ও সংবিধান পরিপন্থি।

শুক্রবার (৯ নভেম্বর) সকালে দলের মনোনয়ন ফরম বিক্রির পর সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘নির্বাচনের আইন মেনেই তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের অধীনের সব বিষয়। তফসিল ঘোষণার পর আমরা একটা নিয়মের মধ্যে চলে গেছি। তফসিল ঘোষণার কারণে তারা (বিএনপি) আন্দোলনের কমসূচি দেবে এটা গণতন্ত্রের পরিপন্থী। তাদের আন্দোলনে জনগণ সায় দেবে না।’

ওবায়দুল কাদের বলেছেন, ‘মনোনয়নপত্র বিক্রির মধ্য দিয়ে নির্বাচনের যাত্রা শুরু হয়েছে। নির্বাচন সামনে রেখে সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাবলিক এখন ইলেকশন মুডে আছে। সবাই ইলেকশনের প্রস্তুতি নিয়ে আছে। তারা ইলেকশন করতে চায়। এর বাইরে যারা নির্বাচনবিরোধী তৎপরতা চালাবেন, জনগণই তাদের প্রতিরোধ করবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের ফলাফল শূন্য এটা বলা যাবে না। তারা (ঐক্যফ্রন্ট) যে তালিকা দিয়েছে তা নিয়ে কাজ শুরু হয়েছে।’

 

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থীদের ওপর নির্বাচনী আচারণবিধি আরোপিত হবে। ইসির আচরণবিধি যাতে লঙ্গিত না হয়, সেজন্য মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিদের আচরণবিধি মেনে চলার জন্য যত্নবান হতে হবে।

 

তিনি বলেন, এটাই দেশের গণতন্ত্রের ইতিহাসে প্রথম। এ সংলাপের জন্য দেশের সর্বস্তরের মানুষ যেমন প্রশংসা করছে, তেমনি বিদেশী কূটনৈতিক মহল, বিভিন্ন গণতান্ত্রিক দেশের সরকার প্রধান ও জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের উদ্যোগের প্রশংসা করছেন।

 

সেতুমন্ত্রী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সকলের অংশগ্রহনের মাধ্যমে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংলাপের আয়োজন করেছেন তা দেশের গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।

 

আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিতরণ শুরু

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়ন পত্রের ফরম সংগ্রহের মধ্য দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ।

 

দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের মাধ্যমে দলীয় মনোনয়নের ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার (০৯নভেম্বর) সকাল দশটায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলীয় সভাপতি শেখ হাসিনার জন্য মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য মনোনয়নের আবেদনপত্রসহ মোট দু’টি আবেদনপত্রের ফরম সংগ্রহ করা হয়।

 

এছাড়াও জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দেশের বাইরে থাকায় তার পক্ষেও দলীয় মনোনয়নের আবেদনপত্রের ফরম সংগ্রহ করেন ওবায়দুল কাদের। এ সময় তার সঙ্গে জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ ও হুইপ আতিকুর রহমান আতিক উপস্থিত ছিলেন।

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নের আবেদনপত্রের ফরম বিতরণ কার্যক্রম উপলক্ষে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় ও তার আশে-পাশে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দলের শত শত নেতা-কর্মী তাদের পছন্দের প্রার্থীর মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের জন্য এখানে হাজির হয়েছে।

আজ সকাল ১০টা থেকে দলীয় মনোনয়নের ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এ জন্য দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ের বর্ধিত ভবনে দেশের আট বিভাগের জন্য আটটি বুথ খোলা হয়েছে। বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা মনোনয়ন বিতরণ কার্যক্রম তদারকি করছেন।

ঢাকা বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রংপুর বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খুলনা বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল-মাহমুদ স্বপন এমপি, বরিশাল বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, রাজশাহী বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি এবং ময়মনসিংহ বিভাগের দায়িত্বে রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *