এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১০ ১৩:৩৭:১৬ || আপডেট: ২০১৮-১১-১০ ১৩:৩৭:১৬
মিরসরাই প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি তথা ২০দলীয় জোট থেকে মনোয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাবেক ছাত্রনেতা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যবসায়ী আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী। মনোনয়ন নিশ্চিত করতে তিনি দলীয় হাইকমান্ডের সাথে নিয়মিত যোগযোগ রক্ষা করছেন।
শাহীদুল ইসলাম চৌধুরী ১৯৬৯ সালে মিরসরাই উপজেলার ডোমখালী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৮৫ সালে নিজামপুর কলেজ ছাত্রদলের সহ-সম্পাদক, ৮৬ সালে সাধারণ সম্পাদক ও ১৯৮৭ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। এসময় তিনি নিজামপুর কলেজ, মিরসরাই কলেজ ও বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং নির্বাচনে উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে থাকাকালে সৈরচারী এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।
তিনি গত ২৩ অক্টোবর চট্টগ্রামের একটি অভিজাত হোটেল থেকে ১২ জন নেতা-কর্মীসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন।
আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন, ‘উপজেলা ছাত্রদল, যুবদল, জাসাস ও বিএনপি সর্বোপরি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন নিবীড়ভাবে যুক্ত রয়েছি। দলের দুঃসময়ে মাঠের কর্মীদের বুকে আগলে ধরে রেখেছি। তৃণমূল থেকে রাজনীতি করে আজ এই পর্যায়ে এসেছি। এরশাদ বিরোধী আন্দোলনে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। ৯৬ পরবর্তী হাসিনা বিরোধী আন্দোলনে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছি। ১/১১ এবং পরবর্তী সময়ে দলের সকল কর্মকান্ডে মাঠে রয়েছি। দলের জন্য অর্থনৈতিক অবদান রাখছি। নেতা-কর্মীদের মামলা, হামলায় পাশে রয়েছি। সব প্রতিকূলতা পেরিয়েও দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছি। সব সময় ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার নেতা-কর্মীদের পাশে আছি। আমার বিশ্বাস দল আমাকেই মনোনয়ন দেবে।’