প্রকাশ: ২০১৮-১১-১১ ০০:৩২:৫৭ || আপডেট: ২০১৮-১১-১১ ০০:৩৬:৪০
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া (চট্টগ্রাম-৭) থেকে প্রার্থী হতে আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শনিবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন একই দিন বিকাল ৩ টার দিকে তিনি রাঙ্গুনিয়ার দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দেন। হাছান মাহমুদ এমপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে উন্নয়নের যে জোয়ার চলেছে, তারই ধারাবাহিকতায় রাঙ্গুনিয়ায় গত ১০ বছরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে ঘরে সরকারের সেবা পৌঁছে দিয়েছি। দল, মত নির্বিশেষে সকলের জন্য কাজ করেছি। সবার জন্য গত দশ বছর আমার দরজা খোলা রেখেছি। ‘ তিনি তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া কামনা করেছেন। ”এদিকে শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া আসনের জন্য আওয়ামীলীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারন সম্পাদক ও নগর আ.লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। তাঁর পক্ষে এক স্বজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন । রোববার (১১ নভেম্বর) তিনি নেতাকর্মী নিয়ে ফরম জমা দেবেন বলে মুঠোফোনে জানিয়েছেন। একই দিন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সহসভাপতি ওসমান গনি চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শনিবার (১০ নভেম্বর) দুপুরে তিনি নিজে গিয়ে ফরম জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।