প্রকাশ: ২০১৮-১১-১১ ১৬:০৩:৩৫ || আপডেট: ২০১৮-১১-১১ ১৬:০৩:৩৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্রতীক ছাতা ও জোটবদ্ধভাবে বিএনপি দলীয় প্রতীক ধানের শীষ- উভয় প্রতীকে নির্বাচন করতে চায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
রোববার দুপুরে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দলটির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম ইসি সচিব হেলালুদ্দিন আহমদের দপ্তরে পৌঁছে দেন।
চিঠিতে বলা হয়, আগামী সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কয়েকজন প্রার্থী দলীয় প্রতীক ছাতা নিয়ে নির্বাচন করতে চায়। আবার এলডিপির কয়েকজন প্রার্থী ২০ দলীয় জোটের প্রধান শরিক বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নিতে চায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।