ফারুক খান তুহিন
প্রকাশ: ২০১৮-১১-১১ ১১:৪৯:৪২ || আপডেট: ২০১৮-১১-১১ ১১:৪৯:৪২
ফারুক খান তুহিন, বীর কন্ঠ :
ফেনি, নোয়াখালীসহ উত্তরবঙ্গের ১৫ লাখ মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। ভোটার তালিকায় নাম থাকলেও নিজ এলাকায় গিয়ে ভোট দেয়ার স্বাধীনতা নেই তাদের। কারন, এই ১৫ লাখ মানুষ সাধারণ শ্রমিক হিসেবে কাজ করে দেশের বিভিন্ন ইটভাটায়।
প্রাপ্ত তথ্যমতে, সারাদেশে ৯৭০০ ইটভাটায় ১৯ লাখ ৪০ হাজার শ্রমিক কাজ করে। এদের মধ্যে ১৫ লক্ষাধিক শ্রমিক বৈধ ভোটার । প্রতি ইটভাটায় প্রায় ২০০ শ্রমিক ৬ মাসের চুক্তি অনুযায়ী কাজ করে। কোন অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখোমুখি না হলে ওই ৬ মাস বাড়ি ফিরতে পারেনা শ্রমিকরা।
গত অক্টোবর মাস থেকে চলতি মৌসুমের ইটভাটার কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গের শ্রমিকরা নিয়োজিত হয়েছে ভাটার মাটি কাটা, মাটি বহন, ইট তৈরী, পোড়ানো ও সংরক্ষণের কাজে। ফলে ডিসেম্বরে অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেননা শ্রমিকরা।
চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারে প্রায় ৮’শ ইটভাটায় ১ লাখ ৬০হাজার নোয়াখালীর হাতিয়া, সোনাইমুড়ি, মাইজদি, সুবর্ণচর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জের ভোটার কাজ করে। অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোট দিতে ব্যর্থ হবেন তারাও।