জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১২ ২১:৪২:৪৯ || আপডেট: ২০১৮-১১-১২ ২১:৪২:৪৯
আনোয়ারা প্রতিনিধি:
বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে গতকাল সোমবার বেলা আড়াইটায় আনোয়ারায় অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.)। জুলুছে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। হামদ, নাত, জিকির সহকারে জুলুছটি উপজেলার অন্তত ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।
আহলে সুন্নত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা গত কয়েক বছর ধরে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে এই জুলুছের আয়োজন করে। এটি দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় জশনে জুলুছ হিসাবে পরিচিত। আনোয়ারা ছাড়াও পটিয়া, চন্দনাইশ, বাঁশখালী ও আশাপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এই জুলুছে যোগ দেন।
জুলুছে মেহমানে আ’লা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (ম.জি.আ.)। উদ্বোধন করেন ওষখাইন আলীনগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহসুফি ইলিয়াছ রজা (ম.জি.আ.)। জুলুছে ছদারত করেন বারীয়া দরবারের পীর সৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ.)। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন।
জুলুছ প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা কাজী বদরুজ্জামান নঈমীর সভাপতিত্বে ও সচিব মুফতি কাজী শাকের আহমদ চৌধুরীর সঞ্চালনায় জুলুছ পরবর্তী সমাবেশে প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসেন আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার আবুল হোসাইন, উপজেলা ইসলামী ফ্রন্টের সাবেক সভাপতি মাওলানা এস এম শাহজাহান।
জুলুছ প্রস্তুতি কমিটির সদস্য মাওলানা মনির আহমদ আনোয়ারী জানান,বেলা আড়াইটায় কালাবিবির দীঘির মোড় হতে তিন শতাধিক গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করে জুলুছটি উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী বাজারে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় নবীপ্রেমী হাজার হাজার মানুষের জিকির, হামদ-নাতের সুমধুর ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো এলাকা।