প্রকাশ: ২০১৮-১১-১৪ ১৪:৫০:৪৫ || আপডেট: ২০১৮-১১-১৪ ১৪:৫০:৪৫
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীর সংঘর্ষ চলছে। এ সময় পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুঁড়ছে। বর্তমানে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
আজ বুধবার (১৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। নয়াপল্টনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে। আর বিএনপির নেতাকর্মী পুলিশকে লক্ষ্য করে ছোড়ে ইটপাটকেল।এ সময় কয়েকজন আহত হন। আহতদের একজনকে আঞ্জুমানে মফিদুলের গাড়িতে করে হাসপাতালের দিকে নিয়ে যেতে দেখা গেছে।
উল্লেখ্য, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার (১২ নভেম্বর) থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে। গত দুদিন মনোনয়নপত্র নিতে মনোনয়ন প্রত্যাশীদের উপচে পড়া ভিড় ছিল। এতে করে বিএনপি অফিসের সামনে ও তার আশপাশের এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়। তাই আজ বুধবার (১৪ নভেম্বর) যান চলাচল স্বাভাবিক রাখতেই সকাল থেকেই দেখা যায় পুলিশের ব্যারিকেড।