প্রকাশ: ২০১৮-১১-১৫ ২৩:৪৯:২১ || আপডেট: ২০১৮-১১-১৫ ২৩:৪৯:২১
শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী :
চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকার নয়া পল্টন অফিস থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে মনোনয়নপত্র গ্রহণ করার পর আজ (১৫ নভেম্বর) বৃহস্পতিবার এটি দলের দফতর বেলাল আহমদের হাতে জমা দেন।
কামরুল ইসলাম হোসাইনী ছাড়াও বাঁশখালী আসনে সাবেক প্রতিমন্ত্রী ও সাবেক এমপি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, গন্ডামারা ইউপি চেয়ারম্যান লেয়াকত আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এ্যাডভোকেট ইফতেখার মুহসিন বিএনপির মনোনয়নপত্র গ্রহণ করেন। এছাড়া ২৩ দলীয় জোটের পক্ষে বাঁশখালী আসনটি দখলে নিতে জামায়াতের পক্ষে মাওলানা জহিরুল ইসলাম, এলডিপির পক্ষে এ্যাডভোকেট কফিল উদ্দীন চৌধুরী এবং ইসলামী ঐক্যজোট একাংশের মুফতি ইজহারুল ইসলাম চেষ্টা চালাচ্ছেন।
দলের মনোনয়নপত্র গ্রহণ ও জমা দান প্রসঙ্গে সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী জানান, দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দেয়া ও দলের শক্ত ভীত তৈরিতে ভুমিকা রাখায় নেতাকর্মীদের চাহিদার প্রেক্ষিতে আমি দলের মনোনয়ন ফরম গ্রহণ করেছি। আমি আশাবাদী দল আমাকেই চুড়ান্ত মনোনয়ন দেবেন। দল যাকে মনোনয়ন দেবে বাঁশখালীর মানুষ বিপুল ভোটে ধানের শীষ প্রতীকের প্রার্থীকেই জয়ী করবে। তিনি বলেন, বাঁশখালী বিএনপির একটি শক্ত ঘাটি।