প্রকাশ: ২০১৮-১১-১৫ ২৩:২৪:০৬ || আপডেট: ২০১৮-১১-১৫ ২৩:২৪:০৬
আব্বাস হোসাইন অাফতাব , প্রতিনিধি,রাঙ্গুনিয়া :
চাচা আ.লীগের মনোনয়ন ফরম নিয়ে জমা দেন শনিবার। ভাতিজা বিএনপি’র মনোনয়ন ফরম জমা দেন বৃহষ্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে। তাঁরা দুজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া, বোয়ালখালী আংশিক) এর মনোনয়নপ্রত্যাশী। চাচা হলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সহসভাপতি ও ব্যাংকার ওসমান গনি চৌধুরী। ভাতিজা চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারন সম্পাদক এম এম মুরাদ চৌধুরী । তাঁদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে। ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রভাবশালী প্রার্থী সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে লড়ে দু’বারই সামান্য ভোটে হারেন আ.লীগের প্রার্থী প্রয়াত আ.লীগ নেতা সাদেক চৌধুরী । ওসমান গনি চৌধুরী তাঁরই ছোট ভাই। রাঙ্গুনিয়া আওয়ামীলীগের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত ওবায়দুর রহমান সাদেক চৌধুরী ও ওসমান চৌধুরীর পিতা। চাচা আওয়ামীলীগের ও ভাতিজা বিএনপির প্রার্থী হতে দৌঁড়ঝাপ করার খবরে রাঙ্গুনিয়ায় ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ওসমান গণি চৌধুরীর বড়ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরীর সন্তান এস এম মুরাদ চৌধুরী। মোহাম্মদ আলী চৌধুরী উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং গত রোববার ঢাকায় গিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হাছান মাহমুদ এমপির সাথে মনোনয়ন সংগ্রহ ও জমাদান কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।