মীর সোলায়মান
রাঙামাটি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৬ ২০:৫৭:৩৪ || আপডেট: ২০১৮-১১-১৬ ২০:৫৭:৩৪
মীর সোলায়মান, রাঙামাটি :
রাঙামাটির রাজবন বিহারে শেষ হয়েছে দুই দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব। রাজবন বিহার আন্তর্জাতিক খ্যাত বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান। এ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব কঠিন চীবর দান বৃহস্পতিবার শুরু হয়ে শেষ হয় শুক্রবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রতি বছরের মতো এবার সমাগম ঘটে লাখো পূণ্যার্থীর। রাজবন বিহারে এবার অনুষ্ঠিত হয়েছে ৪৫তম কঠিন চীবর দানোৎসব।
এবার রাজবন বিহারে বৃহস্পতিবার দুপুরে পুণ্যার্থীদের পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া কঠিন চীবর দানোৎসব শেষ হয়েছে শুক্রবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলণ দিয়ে। এছাড়াও উৎসবে বুদ্ধ পূজা, পঞ্চশীল প্রার্থনা, চরকায় সুতা কেটে চীবর বুনন ও তৈরি, চীবর ও কল্পতরু শোভাযাত্রা, বুদ্ধমূর্তি দান, অষ্টপরিস্কার দান, উৎসর্গ, মঙ্গলসূত্র পাঠ, ধর্মীয় দেশনাসহ পালিত হয়েছে ব্যাপক কর্মসূচি।
কঠিন চীবর দানোৎসবের মূল অনুষ্ঠানটি রাজবন বিহারের উত্তর মাঠে শুরু হয় শুক্রবার বেলা ২টায়। অনুষ্ঠানের আগে গোটা বিহার এলাকাজুড়ে শোভাযাত্রা সহকারে প্রদর্শন করা হয় হাজার বছরের ঐতিহ্য মহামতি গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপূণ্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে তৈরি করা চীবরটি (বৌদ্ধভিক্ষুদের পরিধেয় বস্ত্র)। এতে অংশ নেন অগণিত পুণ্যার্থী।
২৪ ঘন্টায় তৈরি করা চীবরটি সমবেত পূণ্যার্থীদের পক্ষে মহাপরিনির্বাণ লাভী মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরকে হস্তান্তর করে উৎসর্গ করেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায়। এ সময় রাঙ্গামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার, চাকমা রাণী য়েন য়েন রায়, রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াদ মেহমুদ, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রেদায়ান, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের প্রচার সম্পাদক অ্যাডভোকেট সুস্মিতা খীসা।
অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির পূণ্যার্থীদের মাঝে ধর্মীয় দেশনা দেন। এ সময় শ্রীমৎ জ্ঞানপ্রিয় মহাস্থবির, শ্রীমৎ ইন্দ্রগুপ্ত মহাস্থবিরসহ শতাধিক বৌদ্ধভিক্ষু মঞ্চে উপস্থিত ছিলেন।
প্রতি বছর মহামতি গৌতম বুদ্ধের প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা প্রবর্তিত নিয়মে রাজবন বিহারে আয়োজন করা হয় কঠিন চীবর দানোৎসব। প্রায় আড়াই হাজার বছরেরও আগের ঐতিহ্যবাহী এই নিয়মে ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সুতা কেটে বুনন ও তৈরি শেষে চীবরটি (বৌদ্ধভিক্ষুদের পরিধেয় বস্ত্র) দান করা হয় বৌদ্ধভিক্ষুদের সমীপে।