মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১১-১৭ ১৯:৫৯:৩৫ || আপডেট: ২০১৮-১১-১৭ ১৯:৫৯:৩৫
১৮ নভেম্বর ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজারের চকরিয়া থানার নব-নির্মিত ভবনের উদ্বোধন করা হবে। সকাল ১১টায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থেকে নতুন থানা ভবনের উদ্ধোধন করবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান, কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো.কামাল হোসেন। এতে সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) এবি এম মাসুদ হোসেন। ইতোমধ্যে নতুন ভবনের উদ্ধোধনী অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে।
জানা যায়, ২০১৪-১৫ সালে চকরিয়া থানা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। দশ তলা ফাউন্ডেশনের ভবনটি বর্তমানে চারতলা পর্যন্ত কাজ শেষ করা হয়েছে। এই চার তলা ভবনটি নির্মাণ করতে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হয়েছে। এতে রয়েছে বিশালায়তনের ব্যারাক ও ডাইনিং, মহিলা কনস্টেবলদের জন্য আলাদা থাকা ও খাওয়ার ব্যবস্থা, অফিসারদের জন্য আলাদা কক্ষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত)’র জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কক্ষ, নারী-পুরুষ ও শিশুদের জন্য বড় পরিসের হাজতখানা। রয়েছে বড় পরিসরের হলরুম, সেমিনার কক্ষ, মুন্সিখানা ও অস্ত্রগার।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চকরিয়া থানার এই নতুন ভবনটি উপজেলার সাড়ে ৫লাখ মানুষের নিরাপত্তা দিতে কাজ করবে। নতুন ভবনটিকে আধুনিক পদ্ধতিতে নির্মাণ করায় সব ধরনের সুবিধা রাখা হয়েছে। নতুন এই ভবনটির ফলে পুলিশরা স্বচ্ছন্দে কাজ করতে পারবে।