আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১১-১৮ ২২:১৬:১২ || আপডেট: ২০১৮-১১-১৮ ২২:১৬:১২
গৃহে আলমারি রং করতে গিয়ে কৌশলে ১৪লাখ টাকা নিয়ে চম্পট দিয়ে ২০দিন পর ধরা পড়লো রং মিস্ত্রী দুলাল(৩৩) ও তার সহযোগী আমির হোসেন(৩০)।শনিবার নগরির বহদ্দারহাট এলাকা তাদের আটক করে কোতোয়ালী পুলিশ।একই সাথে উদ্ধার করা হয় সাড়ে ১৩ লাখ টাকা।
কোতোয়ালী থানার মামলা সূত্রে জানা যায়, জনৈক দিদার (৪০) নামে এক ব্যক্তি তার বাসার একটি পুরাতন স্টীলের আলমারি রং করার জন্য দুলাল নামে এক রং মিস্ত্রীর সাথে ২২’শ টাকার বিনিময়ে ঘরে এসে রং করে দিবে মর্মে মৌখিক চুক্তি করেন। পরবর্তীতে গত (২৭ অক্টোবর) শনিবার সন্ধ্যা ৬টার দিকে রং মিস্ত্রী দুলাল বাসার মালিকের (দিদার) অনুপস্থিতিতে বাসায় গিয়ে আলমারি খালি করে কাজ শুরু করেন। কাজের সময় উক্ত আলমারির গোপন বাক্সের মধ্যে মালিকের (দিদার) ১৪ লক্ষ টাকা রক্ষিত আছে দেখে রং মিস্ত্রী দুলাল অত্যন্ত সুকৌশলে আলমারিটি দোকানে নিতে হবে বলে তার অন্য সহযোগীদের মাধ্যমে বলুয়ারদিঘীর পশ্চিম পাড়স্থ মহসীনের স্টীলের দোকানে নিয়ে যায় এবং আলমারিটি থেকে টাকা নিয়ে রং মিস্ত্রী দুলাল ও তার অন্য সহযোগীরা গা ঢাকা দেয়।
এদিকে রাতে বাসায় এসে আলমারিটি দেখতে না পেয়ে দিদার পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলে তারা জানান, মিস্ত্রী রং করার জন্য আলমারিটি দোকানে নিয়ে গেছে। ততক্ষণে সর্বনাশ যা হবার তাই হলো। রাত বেশি হবার কারণে দুলাল পরদিন সকাল ৯টার দিকে স্টীলের দোকানে গিয়ে দেখেন আলমারির ড্রয়ারটি খোলা এবং গোপন বক্সে রক্ষিত টাকাগুলো নেই।
এরপর কোন উপায় না দেখে দিদার কোতোয়ালী থানায় হাজির হয়ে রং মিস্ত্রী দুলালের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তকারী অফিসার উপপরিদর্শক(এসআই) মোহাম্মদ আইয়ুব উদ্দিন তার সঙ্গীয় ফোর্স নিয়ে গত (১৭ নভেম্বর) শনিবার রং মিস্ত্রী দুলালকে নগরির বহদ্দারহাট এলাকা থেকে আটক করে। পরবর্তীতে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগী মো. আমির হোসেনকে মিয়াখাননগর এলাকা থেকে আটক করে। পরে তাদের দুইজনের দেওয়া তথ্য মোতাবেক আসামিদের বাকলিয়াস্থ বাসা থেকে ৮ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
বাকী টাকা কোথায় পুলিশের এমন জিজ্ঞাসাবাদে রং মিস্ত্রী দুলাল কুমিল্লা তার তালতো বোনের কাছে বাকি টাকা রেখেছে বলে জানান। পরবর্তীতে পুলিশ কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন নেয়ামতপুর এলাকায় অভিযান চালিয়ে আরো ৪ লক্ষ ৯০ হাজার টাকা সহ সর্বমোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করেন।
এই ব্যাপারে কোতোয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহসিন পিপিএম জানান,শনিবার অভিযান চালিয়ে রং মিস্ত্রী দুলালকে নগরির বহদ্দারহাট এলাকা ও তার সহযোগী মো. আমির হোসেনকে মিয়াখাননগর এলাকা থেকে আটক করে পুলিশ। আসামিদের স্বীকাররোক্তিতে মোতাবেক দুই দফা অভিযান চালিয়ে টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতরা সুকৌশলে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। ১৪ লাখ টাকার মধ্যে সাড়ে ১৩ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ধারা-৩৮০ দঃ বিঃতে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৭১।
আটক রং মিস্ত্রী মো. দুলাল বি-বাড়ীয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার নিজ কান্দি গ্রামের মৃত মোহন মিয়ার পুত্র ও আমির হোসেন একই গ্রামের শাহ আলমের পুত্র। তারা উভয় মাষ্টারপুল শাহ আলম সওদাগরের বিল্ডিং বসবাস করত।- সূত্র- নিউজ বিএনএ