অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-১৯ ১৬:৩২:৫০ || আপডেট: ২০১৮-১১-১৯ ১৬:৩২:৫০
অধীর বড়ুয়া, বোয়ালখালীঃ
চট্টগ্রাম ৮ আসনের বোয়ালখালীতে অভিযান পরিচালনা করে সড়কে ও দেওয়ালে টাঙ্গানো ব্যানার – পোস্টার উচ্ছেদ করা হয়েছে। ১৯ নভেম্বর সোমবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ।
বোয়ালখালী উপজেলা ও পৌরসদর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় ৩ শতাধিক ভিন্ন ভিন্ন সাইজের রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যানার সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ একরামুল ছিদ্দিক। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান – উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, স্কুল-কলেজসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ ভবনের সম্মুখে লাগানো বিশাল আকারের ব্যানারে ঢাকা পড়েছিলো। এ অভিযানের মাধ্যমে এসব ব্যানার সরিয়ে ফেলায় খোলামেলা পরিবেশে স্বস্তির নি:শ্বাস ফেলছেন এলাকাবাসী।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ১৮ নভেম্বর রাত ১২টার মধ্যে এসব ব্যানার, পোস্টার সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা সরিয়ে নেননি প্রচারকারীরা। ফলে অভিযানের মাধ্যমে তা সরিয়ে নিয়েছে বোয়ালখালী উপজেলার সংশ্লিষ্ট প্রশাসন।