প্রকাশ: ২০১৮-১১-২০ ১১:১৭:৩৪ || আপডেট: ২০১৮-১১-২০ ১১:১৭:৩৪
কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দু’জন নিহত হয়েছেন।মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ সদরের কোতোয়ালি পাড়ার আব্দুল হাকিমের ছেলে আশিক জাহাঙ্গীর (৪০) ও নারায়ণগঞ্জ তেল্লাপাড়া বড় জামে মসজিদ এলাকার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩১)।র্যাবের দাবি, নিহতরা চিহ্নিত মাদক পাচারকারী। ঘটনাস্থল থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক, ১ লাখ পিস ইয়াবা ও ২টি আগ্নেয়াস্ত্রসহ ৮ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব সাংবাদিকদের জানান, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে— এমন গোপন খবরে ভোরে টেকনাফ স্থলবন্দরের উত্তর পার্শ্বের ১৪ নং ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে মাদক কারবারি দলের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে বেশ কিছুক্ষণ দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
মাদক নির্মূলে জিরো টলারেন্স না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাব কর্মকর্তা মির্জা শাহেদ।