চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় দু’ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান: আটক ৪

প্রকাশ: ২০১৮-১১-২৪ ১৫:৩৭:০৯ || আপডেট: ২০১৮-১১-২৪ ১৭:৫২:৫৩

 

বীর কণ্ঠ ডেস্ক:

লোহাগাড়ার দরবেশ হাটের পূর্ব পার্শ্বে আমিরাবাদ সূখছড়ি এলাকায় (এন.বি.এম) ও চুনতি বনপুকুর এলাকায় হোটেল মিড ওয়ে’র সামনে (সি.বি.এম) ইটভাটায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। আজ সকাল সাড়ে দশটায় এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

জানা গেছে, চুনতি বনপুকুর এলাকায় হোটেল মিড ওয়ে’র সামনে ইটভাটায় অবৈধ কাঠ মজুদ করার অভিযোগে এয়াছিন মাঝির মালিকানাধীন সিবিএম ইটভাটায় অভিযান করে ভ্রাম্যমান আদালত। এ ভাটা থেকে ৪ হাজার মণ অবৈধ কাঠ জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনুর তত্বাবধানে দেন বলে জানা গেছে। আটক করা হয় ১ জনকে।

সূত্রে প্রকাশ, দরবেশ হাটের পূর্ব পার্শ্বে আমিরাবাদ সূখছড়ি এলাকায় নুরুল আলম বাহাদুর মালিকানাধীন এন.বি.এম ব্রীক ফিল্ডে ঝিকঝাক ভাটা ভেঙ্গে বয়লার ভাটা তৈরী করে পরিবেশ দূষণ করার সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্যাট এ অভিযান পরিচালনা করেন। এ সময় ইটভাটা মালিক সহ ৩ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৫ হাজার মণ কাঠ।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, লোহাগাড়ায় ঝিকঝাক ভাটা ভেঙ্গে নতুন করে বয়লার ভাটা তৈরির খবর পেয়ে এনবিএম ব্রীকফিল্ডে অভিযান চালায় এবং কর্মরত অবস্থায় পেয়ে মালিকসহ ৩ জনকে আটক করে ইউএনওর জিম্মায় রাখি ইউএনও মহোদয় ব্যবস্থা নেবেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন জরিমানা করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামকে ফোনে না পাওয়া বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *