প্রকাশ: ২০১৮-১১-২৪ ১০:৪০:২৬ || আপডেট: ২০১৮-১১-২৪ ১০:৪০:২৬
বিডি-প্রতিদিন :
চট্টগ্রাম জামায়াতে ইসলামীর ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসন নিয়ে সংকট চলছে জামায়াতে। এ আসন থেকে কে নির্বাচন করবেন এ নিয়ে দুই প্রভাবশালী নেতার মধ্যে দ্বন্দ্ব এখন তুঙ্গে। যদিও নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় দলটির হাইকমান্ড থেকে ওই আসন থেকে নির্বাচনের জন্য আ ন ম শামসুল ইসলামকে সবুজসংকেত দিয়েছে। এরপরই দুই নেতার অনুসারীরাই প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এ দ্বন্দ্বের জেরে ফাটল ধরেছে চট্টগ্রাম জামায়াতের ঐক্যে।
নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের এক শীর্ষ নেতা বলেন, চট্টগ্রামে তিনটি আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। তার মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আ ন ম শামসুল ইসলাম, চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) জহিরুল ইসলাম জামায়াতের প্রার্থী হবেন। এটাই দলীয় সিদ্ধান্ত। এর বাইরে গিয়ে কেউ প্রার্থী হওয়ার সুযোগ নেই।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ জামায়াত ও শিবিরের একাধিক নেতার দাবি— চট্টগ্রামের রাজনীতিতে শাহজাহান চৌধুরী ও শামসুল ইসলামের প্রভাব রয়েছে। তাই দুই নেতার বিরোধের প্রভাব পড়েছে জামায়াতের রাজনীতিতে। জামায়াতের পদধারী কিছু নেতা আকুণ্ঠ সমর্থন রয়েছে শামসুল ইসলামের ওপর। অপর দিকে পদবিহীন নগর ও দক্ষিণের নেতা-কর্মী এবং শিবির ক্যাডারদের বড় অংশ আছে শাহজাহানের পক্ষে। এ দুই শীর্ষ নেতার দ্বন্দ্বের জেরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে চট্টগ্রামের জামায়াত।