চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়া-টেকনাফে বদির পরিবর্তে বৌদির হাতে নৌকার টিকেট

প্রকাশ: ২০১৮-১১-২৫ ১৮:৩৫:৩১ || আপডেট: ২০১৮-১১-২৫ ১৮:৩৫:৩১

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে অবশেষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন বর্তমান সাংসদ আবদুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তার। দেশের এই আলোচিত আসনে নৌকা প্রতীকে লড়বেন তিনি। রোববার দুপুরে তার হাতে মনোনয়নপত্র তুলে দেয় দলটির মনোনয়ন বোর্ড।

সাংসদ বদির পিএস হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বামীর পরিবর্তে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে তার স্ত্রী শাহিনা আক্তারকে।

ইতোমধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বদির পরিবর্তে তার স্ত্রী শাহিনা আক্তার নৌকার প্রার্থী হওয়ায় উখিয়া-টেকনাফ আওয়ামী পরিবারে চরম অসন্তোষ বিরাজ করছে। শাহিনা আক্তারকে মনোনয়ন দেওয়ার গুঞ্জন উঠার পর থেকেই এর বিরোধীতা করে আসছিলেন স্থানীয় আওয়ামী লীগের একাংশ। কিন্তু সেই বিরোধীতা কাজে আসেনি। অবশেষে বদির স্ত্রীর হাতেই গেল নৌকার টিকেট।

ইয়াবা সম্পৃক্ততার অভিযোগে গত ১০ বছরে চরম দুর্নাম কুড়িয়েছেন এমপি আবদুর রহমান বদি। এই দুর্নামের পরিণতি হিসেবে তিনি মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে মনে করেন উখিয়া-টেকনাফের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *