চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়িতে নির্বাচনী আমেজে আ.লীগ বিএনপিসহ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: ২০১৮-১১-২৮ ২২:৩০:৪০ || আপডেট: ২০১৮-১১-২৮ ২২:৩০:৪০

শংকর চৌধুরী,খাগড়াছড়ি ॥

পার্বত্য জেলা খাগড়াছড়ির ২৯৮নং আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ বিএনপিসহ এগারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৪জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছে ১১জন। এদের মধ্যে আওয়ামী লীগের ৩ জন, বিএনপি’র ৩ জন, জাতীয় পাটির ১ জন, ইসলামী আন্দোলনের ১ জন, গণফোরামের ১জন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ জন মনোনয়নপত্র জমা দেয়।

 

বুধবার (২৮ নভেম্বর) বেলা ১১টা থেকে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এবং সহকারি রির্টানিং অফিসার সদর উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ নাজমুস শোয়েব’র হাতে এ মনোনয়নপত্র দাখিল করে।

শুরুতেই মনোনয়নপত্র দাখিল করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

মনোনয়নপত্র দাখিলের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের স্রোতধারার সাথে পার্বত্য খাগড়াছড়িকে নিয়ে যেতে, জেলা আ.লীগ ঐক্যবদ্ধ থেকে খাগড়াছড়িতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এ জেলার মানুষ নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নৌকা মার্কায় বিজয়ী হয়ে খাগড়াছড়ি আসনটি শেখ হাসিনাকে উপহার দিয়ে, সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করব।

 

এসময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাজী দোস্ত মোহাম্মদ চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, সিনিয়ির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বীক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বাসন্তী চাকমা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

তবে, গত রোববার (২৫ নভেম্বর) ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে দলের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠির মাধ্যমে খাগড়াছড়ির ২৯৮নং আসনে নৌকার প্রার্থী হিসেবে বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনিত করা হলেও। বুধবার (২৮ নভেম্বর) শেষ বিকেলে নিজেদের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন, সাবেক সংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

 

দলের সভাপতি শেখ হাসিনার মনোনিত প্রার্থী বর্তমান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার দলীয় প্রার্থীতা বাতিলের দাবীতে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা বুধবার সকালে শহরে শাপলা চত্ত্বরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বর্তমান সাংসদকে বাতিল করা না হলে কঠোর কর্মসূচী দেয়ারও হুশিয়ারী দেয়া হয় মানববন্ধন থেকে।

অন্যদিকে, একে একে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূইয়া, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে (সদ্য পদত্যাগকারী) খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়াদুদ ভূইয়ার ভাতিজা মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া (ফরহাদ), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলায়মান আলম শেঠ মনোনয়নপত্র জমা দেয়।

 

বিএনপির একাধিক প্রার্থীকে মনোনয়ন কেন? প্রতিক্রিয়ায় রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে (সদ্য পদত্যাগকারী) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া (ফরহাদ), সাংবাদিকদের বলেন, ‘শেষ পর্যন্ত দলের হাই কমান্ড যে সিদ্ধান্ত দিবে সেটাই চুড়ান্ত হিসেবে মেনে নেব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হলে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নির্বাচিত হবে। একই সাথে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন, জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু ও এম এন আফসারসহ অন্যান্যরা।

 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেন, ‘খাগড়াছড়ি জাতীয় পার্টির দুর্গ। এখানকার মৌলিক অবকাঠামোগত উন্নয়ন পল্লীবন্ধু এরশাদের হাত ধরে শুরু হয়েছে। এই আসনে লাঙল বিজয়ী হবে প্রত্যাশা করছি। এসময় জেলা জাতীয় পার্টির আহ্বয়ক অমৃত লাল ত্রিপুরাসহ দলটি জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আব্দুল জব্বার, গণফোরামের মোহাম্মদ আমজাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইডেট পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ’র) জেলা সংগঠক সচিব চাকমা ও ইউপিডিএফ’র কেন্দ্রীয় নেতা নতুন কুমার চাকমা। জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম এবং সহকারি রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ নাজমুস শোয়েব’র হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *