অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১১-২৯ ০৩:০৬:১৪ || আপডেট: ২০১৮-১১-২৯ ১৮:৪৯:০৩
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীতে সমর কৃষ্ণ চৌধুরীকে (৬৩) চট্টগ্রাম নগর থেকে ‘তুলে নিয়ে’ অস্ত্র ও ইয়াবা মামলায় ‘ফাঁসিয়ে দেওয়ার’ ঘটনায় সাবেক ওসি হিমাংশু দাসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি।
তথ্যে জানা যায়-পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হচ্ছে পুলিশ সদর দফতরে।২৭ নভেম্বর এ চিঠিতে সই করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
চিঠিতে আরও দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সুপারিশ করা হয়েছে। তবে তাদের নাম পাওয়া যায়নি।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
গত ২৭ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম নগরের জহুর হকার্স মার্কেটের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগ নেতা ও আইনজীবীর সহকারী সমর কৃষ্ণ চৌধুরীকে বোয়ালখালী থানা পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠে।
পরদিন ২৮ মে ইয়াবা ও অস্ত্র উদ্ধারের মামলা দিয়ে জেলে পাঠায় সমর কৃষ্ণ চৌধুরীকে। গত ১০ জুলাই অস্ত্র মামলা ও ২৪ জুন ইয়াবার মামলায় জামিন পান সমর কৃষ্ণ চৌধুরী। ১২ জুলাই তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এ ঘটনায় জড়িত থাকায় বোয়ালখালী থানার ওসি হিমাংশু দাশ, এসআই আরিফ ও এসআই আতিক উল্লাহকে প্রত্যাহার করে নেওয়া হয়। পরে হিমাংশু দাশকে এপিবিএনে বদলী করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।
এদিকে নাম প্রকাশ না করা শর্তে একাধিক পুলিশ সদস্য ও ভুক্তভোগীদের দেয়া তথ্যে ওসি হিমাংশু দাসের বিরুদ্ধে থানায় বসে মাদক সেবন, অপরাধীদের টাকার বিনিময়ে পার পাইয়ে দেয়া, মামলা দায়ের করতে মোটা অংকের টাকা দাবী করা, বিনাদোষীদের বিভিন্ন ভাবে ফাঁসিয়ে মোটা অংকের টাকা অাদায়,খোদ পুলিশ সদস্যদের কাছ থেকে বিনা কারনে টাকা অাদায় করাসহ অসংখ্য চাঞ্চল্যকর তথ্যের কথা।