জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০২ ১৯:৪৩:৩৯ || আপডেট: ২০১৮-১২-০২ ১৯:৪৩:৩৯
আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নিজ এলাকায় এসে মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান। আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাড়া পেয়ে জয়ের ব্যাপারেও আশাবাদী তরুণ এ বিএনপি নেতা।
জানা যায়, বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে গত শুক্রবার নিজ গ্রামের বাড়ী উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বাড়িতে গিয়ে মুরব্বীদের সাথে কুশল বিনিময় করেন মোস্তাফিজুর রহমান। পরে মায়ের কবর জেয়ারত করে জুমার নামাজ আদায় করেন। এসময় স্থানীয় জনগণের ভালোবাসা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে বটতলী শাহ মোহছেন আউলিয়ার (রহ.) মাজার জেয়ারত করে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। এসময় তিনি এলাকার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পান।
সাধারণ নেতাকর্মীরা চান এ আসনে বিএনপির নতুন মুখ তরুণ শিল্পপতি বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান মনোনয়ন পেয়ে বিজয়ী হবে। কারণ দীর্ঘদিন ধরে সাবেক সাংসদ এলাকায় ছিলেন না বলে অভিযোগ করে নেতাকর্মীরা বলেন, সরোয়ার জামাল নিজাম তিনবার এমপি হয়েও দলের দূর্দিনে তাকে আমরা কাছে পাইনি। বিগত আন্দোলন সংগ্রামসহ কোন বিপদে তিনি ছিলেন না। দেশের বাইরে বেশি সময় অবস্থান নিয়ে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা বিএনপিকে তিনি কর্মীশূণ্য করেছেন। এতদিন এ আসনে যোগ্য কোন নেতা না থাকায় বার বার তিনি দলীয় মনোনয়ন পেলেও এবার দল থেকে মোস্তাফিজুর রহমান নির্বাচন করবেন। তাই নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার হয়েছে। বয়সে তরুণ মোস্তাফিজুর রহমান পারবেন বিএনপির হারানো এ আসন পূনরুদ্ধার করতে। যা গত কয়েকদিনে প্রমাণিত হয়েছে। তিনি যেখানে যাচ্ছেন সেখানে মানুষের ঢল নামছে। তৃণমূল কর্মীরা আশায় বুক বেঁধেছে জয়ের ব্যাপারে।
দলীয় সূত্র জানায়, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি জামাল উদ্দীন অপহরণ ও হত্যায় নিজাম পরিবার জড়িত থাকার অভিযোগ এনে দীর্ঘদিন ধরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা বিএনপি দ্বিভাগে বিভক্ত। এছাড়াও ২০০৮ সালে নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী আখতারুজ্জামান চৌধুরী বাবুর কাছে পরাজিত হয়ে এলাকা থেকে এক প্রকার নিজেকে গুটিয়ে ফেলেন সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম। যার কারণে বিগত দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা তাকে কাছে পাইনি। এমতবস্থায় নিজামবিরোধী নেতাকর্মী ও তৃণমূলকে সংগঠিত করে আন্দোলন সংগ্রামে থেকে নেতাকর্মীদের মনোবল শক্ত করেন মোস্তাফিজুর রহমান। অল্প দিনে মোস্তাফিজ তৃণমূল নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেন। এছাড়াও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে সাধারণ জনগণের কাছে নিজেকে গড়ে তোলেন একজন প্রকৃত রাজনীতিবিদ হিসাবে। দল ক্ষমতায় থাকতে কোন সুযোগ সুবিধা না পেলেও দলের জন্য ওয়ান ইলেভেনের পর থেকে অকাতরে কাজ করে যাচ্ছেন।
আহমদ নূর নামে একজন ছাত্রদল কর্মী বলেন, বিগত আন্দোলন সংগ্রামে অানোয়ারা-কর্ণফুলী উপজেলা বিএনপি যখন অভিভাবকশূণ্য হয়ে পড়ে তখনই মোস্তাফিজুর রহমান সকল প্রকার গ্রুপিং ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করে তোলেন। তৃণমূলের নেতাকর্মীদের সাথে মিশে তিনি দলের জন্য কাজ করে তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেন। তাই এ আসনে নতুন মুখ হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি। বিএনপির হারানো এ আসন পূনরুদ্ধার করার জন্য মোস্তাফিজুর রহমানের মতো একজন তরুণ জনপ্রিয় নেতার প্রয়োজন। এতদিন আমরা সেরকম কাউকে পায়নি। এবার যখন পেয়েছি জীবন দিয়ে হলেও ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করে যাবো।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি বলেন, দলের আন্দোলন সংগ্রামে যিনি মাঠে ছিলেন তাকে দলীয় মনোনয়ন দিবেন। মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তাই তরুণ ও মাঠ কর্মী হিসাবে তিনিই দলীয় মনোনয়ন পাবেন। আমরা আশাবাদী তিনি মনোনয়ন পেলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো আর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন আরো জোরালো ভাবে ভূমিকা রাখতে পারব।
জানতে চাইলে আনোয়ারা আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। তারা শুধুমাত্র এখন অপেক্ষায় আছে কখন ভোট দিবে, কখন এই সরকারকে বিদায় করে দেশে গণতান্ত্রিক পরিবশ সৃষ্টি হবে। কখন গণতন্ত্রের জননী খালেদা জিয়া মুক্তি পাবে অবৈধ কারাগার থেকে। দেশের মানুষ পরিবর্তন চাই, নিজের ভোট নিজে দিতে চাই, তাই তারা ধানের শীষকে ভোট দেওয়ার জন্য সংকল্প করেছে। ইনশাল্লাহ নিজের ভোট যদি নিজেই দিতে পারে সাধারণ জনগণ, তাহলে আনোয়ারা-কর্ণফুলী আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে।