এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৪:২২:৫৩ || আপডেট: ২০১৮-১২-০৩ ১৪:২২:৫৩
মিরসরাই প্রতিনিধি:
ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বর্তমানে কারাবন্দি আলহাজ্ব শাহীদুল ইসলাম চৌধুরী। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা গত দশ বছরে নেতা-কর্মীদের মামলা, হামলায় সব সময় পাশে ছিলেন। আর্থিক, মানসিক, শারীরিকভাবে দলের সাথে যুক্ত ছিলেন। অথচ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি ৩ জনকে দলীয় মনোনয়ন দিলেও বঞ্চিত হয়েছেন ত্যাগী এই নেতা। এতে বিএনপির অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগ সরকারের বিগত ১০ বছরের শাসনামলে নেতা-কর্মীদের পাশের ছিলেন তিনি মনোনয়ন বঞ্চিত হলেন! উল্টো যারা নেতা-কর্মীদের চেনেনা, খোঁজ খবর রাখেনা, ১০ বছর যাদের দেখা নেই তারাই মনোনয়ন পেয়েছেন। যা সত্যি দুঃখজনক। অথচ এই নেতা ১২জন নেতা-কর্মী নিয়ে কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন।
জানা গেছে, শাহীদুল ইসলাম চৌধুরী ১৯৬৯ সালে মিরসরাই উপজেলার ডোমখালী গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৮৫ সালে নিজামপুর কলেজ ছাত্রদলের সহ-সম্পাদক, ৮৬ সালে সাধারণ সম্পাদক ও ১৯৮৭ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। এসময় তিনি নিজামপুর কলেজ, মিরসরাই কলেজ ও বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এবং নির্বাচনে উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৯৯২ সাল পর্যন্ত উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্বে থাকাকালে সৈরচারী এরশাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে উপজেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে।
তিনি গত ২৩ অক্টোবর চট্টগ্রামের একটি অভিজাত হোটেল থেকে ১২ জন নেতা-কর্মীসহ গ্রেপ্তার হয়ে বর্তমানে চট্টগ্রাম কারাগারে রয়েছেন।
এই প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম হারুন বলেন, ‘শাহীদুল ইসলাম চৌধুরী উপজেলা ছাত্রদল, যুবদল, জাসাস ও বিএনপি সর্বোপরি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন নিবীড়ভাবে যুক্ত রয়েছেন। দলের দুঃসময়ে মাঠের কর্মীদের বুকে আগলে ধরে রেখেছি। তৃণমূল থেকে রাজনীতি করে আজ এই পর্যায়ে এসেছেন। দলের জন্য অর্থনৈতিক অবদান রাখার পাশাপাশি নেতা-কর্মীদের মামলা, হামলায় পাশে রয়েছেন। আমার বিশ্বাস দল তাকেই মনোনয়ন দেবে। তিনি মনোনয়ন না পাওয়ায় আমরা হতাশ। তারপরও দল যাকে মনোনয়ন দেয় আমরা তার পক্ষে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’