আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৯:৫৬:১৪ || আপডেট: ২০১৮-১২-০৩ ১৯:৫৬:১৪
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার খলিল-মীর ডিগ্রি কলেজের জন্য ৫৫ লাখ টাকার একটি শীততাপ নিয়ন্ত্রিত বাস প্রদান করেছেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় শিক্ষকদের যাতায়াতের জন্য ২৮ আসন বিশিষ্ট এ বাসটি গতকাল সোমবার নগরের অক্সিজেন মোড়স্থ কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের সামনে কলেজের প্রতিষ্ঠাতাসহ গভর্নিং বডির কাছে এ বাস হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে দেশের খ্যাতমান শিল্পপতি খলিল-মীর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের হাতে বাসের চাবি তুলে দেন আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এস.আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু।
এসময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান, ব্যাংকের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, কলেজ পরিচালনা পর্ষদের উপদেষ্টা কর্নেল (অব.) আবু নাসের মোহাম্মদ তোহা, প্রফেসর জিয়াউল করিম বাহার, অধ্যক্ষ এসএম মিছবাহ-উর-রহমান, উপাধ্যক্ষ জহিরুল হক চৌধুরী প্রমুখ। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে ১ হাজার ৪০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। এতে বলা হয়, বৃহত্তর এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য এ কলেজে শিগ্রীই অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু করা হচ্ছে। প্রাকৃতিক অপার সম্ভাবনাময় সুযোগ সুবিধা বিদ্যমান থাকায় দিন দিন এ কলেজে শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। চাবি হস্তান্তরকালে আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাভু বলেন, এ ব্যাংক শুধু বাণিজ্যিক ক্ষেত্রে নয়, সেবা মূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি শিক্ষার উন্নয়নে ব্যাংকের গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, আগামীতেও দেশে সুশিক্ষা নিশ্চিতকরণে সরকারের পাশাপাশি বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। তিনি পটিয়ার প্রত্যন্ত অঞ্চলে শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমানের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রার ভূঁয়শী প্রশংসা করেন। এসময় কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব খলিলুর রহমান বলেন, বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে দেড় হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে। দিন দিন শিক্ষার্থীর চাহিদাও বাড়ছে। যাতে স্থানীয় শিক্ষার্থীরা ঘরে থেকেই অনার্স সহ উচ্চ শিক্ষা অর্জন করতে পারে সেজন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। সরকারী অনুমোদন পেলেই এ এলাকার শিক্ষার্থীদেরকে দূরবর্তী কলেজে গিয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে হবে না। ঘরে বসেই তারা শিক্ষা ক্ষেত্রের সব সুবিধা অর্জন করতে পারবে। তিনি এ কলেজকে বাস দেওয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।