আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৮-১২-০৪ ২১:৪৭:৪৩ || আপডেট: ২০১৮-১২-০৪ ২১:৪৭:৪৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে’র নাম মুছে দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে প্রথমে ভিত্তি প্রস্তরের নাম কালো রঙ দিয়ে মুছে দেয়া হয়।
পরে হলের সামনে বড় করে লেখা খালেদা জিয়ার নাম ফলক তুলে ফেলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় তারা হলটি বীর প্রতীক তারামন বিবির নামে নামকরণের দাবি জানান।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রলীগ নানা সময় প্রশাসনের কাছে এ হলের নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল। অবশেষে দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা হলের মূল ফটকে স্থাপিত নামফলক তুলে ফেলে এবং সড়কে নির্দেশকে থাকা খালেদা জিয়ার নাম মুছে ফেলে।
এ বিষয়ে চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. মনছুর আলম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতাকারী কারো নামে এ বিশ্ববিদ্যালয়ে কোন হল থাকতে পারে না। ওই হলের নাম বীর প্রতীক তারামন বিবির নামে করার দাবি জানাচ্ছি। আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।
বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট মো. আবুল কাসেম বলেন, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আলাপ-আলোচনা করে সিদ্বান্ত নেওয়া হবে।