প্রকাশ: ২০১৮-১২-০৪ ১৫:৪৪:০৮ || আপডেট: ২০১৮-১২-০৪ ১৫:৪৪:০৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে চট্টগ্রামের ১৬ আসনে বাতিল হওয়া ৪৭টি মনোনয়ন পত্রের মধ্যে প্রার্থীতা ফিরে পেতে ২৩ জন প্রত্যয়ন কপি সংগ্রহ করেছেন।
গতকাল সোমবার পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের কাছ থেকে ১২টি এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের কাছ থেকে ১১ জন মনোনয়নপত্র বাতিলের আদেশ কপি সংগ্রহ করেছেন প্রার্থীরা। এসব প্রার্থীরা মঙ্গলবার ও বুধবারের মধ্যে তাদের প্রার্থীতা ফিরে পেতে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব বরাবর আবেদন করার কথা জানিয়েছেন দুই রিটার্নিং কর্মকর্তা।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের জন্য বৈধতা ফিরে পেতে আবেদন করার লক্ষে সোমবার পর্যন্ত ২৩ জনের আদেশ কপি সংগ্রহের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন বিএনপিতে। দেশের অন্যতম বৃহৎ এ দলটি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে এ পর্যন্ত ১০ জন প্রার্থী আপিলের জন্য আদেশ কপি সংগ্রহ করেছেন।
এরপরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা ফেরত চেয়ে আবেদন করবে ৪ জন। এছাড়া জাতীয় পার্র্টির (জেপি) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ২ জন করে প্রার্থী মনোনয়নের বৈধতা ফিরে পেতে আদেশ কপি সংগ্রহ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে।
অন্যান্য দলের মধ্যে ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি, জমিয়তে উলামায়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র ১ জন করে প্রার্থী মনোনয়নপত্র বৈধ করার জন্য প্রত্যয়ন পত্র সংগ্রহ করেছেন বলে দুই রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াছ হোসেনের কাছ থেকে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে প্রত্যয়ন সংগ্রহ করেছেন ১২ জন। এর মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা ও জাসদ-ইনু মোহাম্মদ আবুল কাশেম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের বিএনপি প্রার্থী সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপি প্রার্থী আবু আহমেদ হাসনাত ও আব্দুল আলীম,
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে এলডিপির ইয়াকুব আলী, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু তালেব হেলালী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনএফ প্রার্থী নারায়ণ রক্ষিত, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এড. আবদুল জব্বার, স্বতন্ত্র প্রার্থী জাফর সাদেক এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম তাদের প্রার্থীতা ফেরতের জন্য আপিল করতে প্রত্যয়ন সংগ্রহ করেছেন।
অন্যদিকে রিটার্নিং অফিসার তথা বিভাগীয় কমিশনার কার্যালয়ের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের কাছ থেকে এ পর্যন্ত ১১ জন প্রার্থী আপিলের আদেশ কপি সংগ্রহ করেছেন এর মধ্যে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি প্রার্থী মীর মো. নাছির উদ্দিন ও মীর হেলাল উদ্দিন.
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের বিএনপি প্রার্থী এম মোরশেদ খান ও এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে ইসলামী ঐক্যজোটের মো. দুলাল খান, জাতীয় পার্টির মোরশেদ সিদ্দিকী, জমিয়তে উলামায়ের মো. নাসির উদ্দিন, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের জাতীয় পার্টির মো. ওসমান খান ও জাতীয় পার্টির (জেপি) আজাদ দোভাষ এবং চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবু সাঈদ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করার জন্য বাতিলের আদেশ কপি সংগ্রহ করেছেন।
উল্লেখ্য : চট্টগ্রামের ১৬টি আসনে মোট মনোনয়নপত্র জমা পড়েছিল ১৮১টি। নগরীসহ আশপাশের ছয় আসনে ৮০টি মনোনয়ন ফরমের মধ্যে ৬৯ জনের মনোনয়ন বৈধ হয়। আর জেলার ১০ আসনে জমা দেওয়া ১০১টি মনোনয়ন ফরমের মধ্যে ৫৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ৪৭টি।
জেলা পর্যায়ের ১০১ জন প্রার্থীর মধ্যে ২২ জনের এবং মহানগর পর্যায়ের ৮০ জন প্রার্থীর মধ্যে ২৫ জনের মনোনয়নপত্র বাতিল হয়। বাকিগুলো স্থগিত রাখা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা বুধবারের মধ্যে মনোনয়নপত্র বৈধ করার জন্য আবেদন করতে পারবেন। আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে শুনানির মাধ্যমে এসব আবেদনের রায় প্রদান করবে নির্বাচন কমিশন।
এছাড়া ৩ থেকে ৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসার বরাবর এক কপি ছবিসহ সাদা কাগজে আবেদনের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। আগামী ১০ ডিসেম্বর প্রতিদ্বন্ধী প্রার্থীদের চুড়ান্ত তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন।