প্রকাশ: ২০১৮-১২-০৪ ১৫:৫৬:০৭ || আপডেট: ২০১৮-১২-০৪ ১৫:৫৬:৩৯
আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া,বোয়ালখালী আংশিক) আসনে ধানের শীষ প্রতীক কার হাতে যাবে তা এখনো স্পষ্ট হচ্ছেনা। নির্বাচনে অংশ নিতে আ.লীগের একক প্রার্থী সংসদ সদস্য হাছান মাহমুদের তৎপরতা থাকলেও বিএনপির কোনো তৎপরতা নেই। প্রার্থী নির্ধারিত না হওয়ায় নির্বাচনী মাঠে কেউ যাচ্ছেন না বলে জানান উপজেলা বিএনপির শীর্ষ নেতারা। অনেক নেতাকর্মীরা মনে করছেন বিভক্ত বিএনপি’র দুই প্রার্থীদের মাঝে বিশৃঙ্খলা এড়াতে কেউ তৎপরতা দেখাচ্ছেন না। পরিস্থিতি বুঝে এগুনোর কথা বলছেন মনোনীত প্রার্থীরা। রোববার (২ নভেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ে বিএনপির মনোনয়নের চিঠি পাওয়া সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আহমেদ হাসনাতের প্রাইম ব্যাংকের ঋন খেলাপির কারনে মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে। ঋণ খেলাপির পাশাপাশি দলীয় চিঠি সংযুক্ত না করায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর মনোনয়ন ফরমও বাতিল হয়। কারাবন্দী গিয়াস কাদের মানবতাবিরোধী অপরাধে দন্ডপ্রাপ্ত ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের(সাকা)চৌধুরীর ছোট ভাই। বিএনপি’র এক প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল হওয়ায় বিএনপি’র প্রার্থী তালিকায় বৈধ প্রার্থীর মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শওকত আলী নূর ও অন্য অংশের সভাপতি অধ্যাপক কুতুব উদ্দিন বাহার। কুতুব উদ্দিন কারাবন্দী রয়েছেন। এলডিপি’(লিবারেল ডেমোক্রেটিক পার্টি)র প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলমও মনোনয়নে বৈধতা পান। তবে সবাইকে ছাপিয়ে ২০ দলীয় জোট থেকে এলডিপি নেতা মো. নুরুল আলম ধানের শীষ প্রতীকে প্রার্থী অনেকটা নিশ্চিত বলে জানিয়ে রাঙ্গুনিয়া এলডিপি’র সভাপতি ফজলুল কাদের তালুকদার বলেন, “ চট্টগ্রামের মধ্যে এলডিপির অবস্থান চন্দনাইশের পর রাঙ্গুনিয়া। জোটের সাথে সমঝোতায় রাঙ্গুনিয়া আসনের জন্য পজেটিভ আভাস পেয়েছি। নুরুল আলম ভাই ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করলে জিতবেন আশা করি।”
জানতে চাইলে উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শওকত আলী নুর তাঁর প্রার্থীতা অনেকটা নিশ্চিত। জানিয়ে বলেন, “ নির্বাচনে প্রার্থী হবেন একজন। নিজেদের মধ্যে বিভক্ত না হতে কেউ মাঠে নামছেন না তবে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকের জয় সবার মূল লক্ষ্য।”
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা কারাবন্দী অধ্যাপক কুতুব উদ্দীন বাহারের ভাগ্নে মো. মোজাফফর বলেন, “ কুতুব উদ্দিন বাহারের এলাকায় জনপ্রিয়তা রয়েছে। তিনি একজন ত্যাগী নেতা। ধানের শীষ প্রতীক তিনি পাবেন আশাবাদী। ”