চট্টগ্রাম, , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পাহাড় ধ্বসে ২ শ্রমিক হতাহত

প্রকাশ: ২০১৮-১২-০৯ ১৯:২৫:০৮ || আপডেট: ২০১৮-১২-০৯ ১৯:২৫:০৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়িঃ 

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধ্বসে হতাহত দুই শ্রমিক। এতে নুরুল কাশেম (২৫) নামে এক রোহিঙ্গা শ্রমিক নিহত ও আহত হয়েছেন আরও একজন। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানান শনিবার(৮ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় মাটি কাটার সময় এ পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। রবিবার সকালে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার  ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করেন।

সূত্রটি আরো জানায় কচুবনিয়া এলাকার আপন বড়ুয়া গত কিছুদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল।শনিবার দিবাগত রাত ১টার দিকে পাহাড় কেটে ৫-৬টি ডাম্পার গাড়িতে মাটি ভর্তি করছিল। পাহাড় কাটার এক পর্যায়ে পাহাড়ের মাটি চাপা পড়ে শ্রমিক নুরুল কাশেম মারা যান। একই ঘটনায় আহত অবস্থায় এক শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, রবিবার সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত রোহিঙ্গা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানান, উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কচুবনিয়াপাড়া এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। এই ঘটনায় এক শ্রমিক মারা যান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *