চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে দুই পুলিশসহ আহত ৩

প্রকাশ: ২০১৮-১২-১১ ১৭:০৭:৩৩ || আপডেট: ২০১৮-১২-১১ ১৭:০৭:৩৩

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে পরোয়ানার আসামিকে ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে দুই পুলিশ আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে সেই আসামিও আহত হন। আজ মঙ্গলবার ভোরে নগরীর কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আসামির নাম মো: আজাদ (৩২)। তার বিরুদ্ধে ছিনতাই, অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, পরোয়ানার আসামি আজাদকে ধরতে ভোরে পুলিশের একটি দল কলাবাগিচায় যায়। আজাদকে গ্রেপ্তারের চেষ্টা করলে সে ‘কিরিচ নিয়ে’ পুলিশের ওপর হামলা চালায়। আজাদের হামলায় কোতোয়ালি থানার পাথরঘাটা ফাঁড়ির কনস্টেবল রাসেল মিয়া গুরুতর আহত হন। অভিযানে থাকা ফাঁড়ির ইনচার্জ এএসআই আবু হায়াত আরেফিন ও কফিল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির গায়েও ধারালো অস্ত্রের আঘাত লাগে।

ওসি মহসিন বলেন, আজাদ হামলা চালালে পুলিশ ‘আত্মরক্ষার্থে’ গুলি ছোড়ে। তাতে আজাদের হাতে ও পায়ে গুলি লাগে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *