চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

রফিকুল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে প্রচারণার প্রথম দিনেই রক্তপাতের সূত্রপাত্র ! নৌকা-বিদ্রোহী গ্রুপের গুলাগুলিতে আহত- ৭  

প্রকাশ: ২০১৮-১২-১১ ১৭:০১:১৩ || আপডেট: ২০১৮-১২-১১ ১৭:০১:১৩

রফিকুল আলম,ফটিকছড়ি ॥

চট্টগ্রামের ফটিকছড়ি আসনে নৌকা প্রতীকের সমর্থকদের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আপেল প্রতীকের সমর্থকদের মধ্যে সোমবার রাতে ব্যাপক গুলাগুলির ঘটনা সংগঠিত হয়েছে। এতে অন্তত ৭ জন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় উপজেলা জুড়ে আতংক বিরাজ করছে। ঘটনার পর এখনো পর্যন্ত ( ১১ ডিসেম্বর বিকাল পর্যন্ত) থানায় কোন মামলা হয়নি ।

জানাগেছে, আপেল প্রতীকের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হককে তাঁর আজাদী বাজারস্থ বাড়ীতে গিয়ে কিছু যুবক গত ১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে  নৌকা প্রতীকের পক্ষে কাজ করতে বলেন এবং নানাবিধ হুমকী প্রদর্শন করে। এ হুমকী বিষয়ে কাজী মাহমুদুল হক আপেল প্রতীকের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীকে অবহিত করেন। তাৎক্ষনিক আজাদী বাজারে পেয়ারু সমর্থিতরা জড়ো হতে থাকে। পরে, তাঁরা আপেলের পক্ষে মিছিল-সভা করে। সন্ধ্যায় পেয়ারু-নাজিম আজাদী বাজার থেকে নানুপুর আসেন, পরে সেখানেও মিছিল করে আপেলের পক্ষে।

অন্যদিকে, একই দিন বিকালে নাজিরহাটে নৌকার সমর্থনে আয়োজিত সাংবাদিক সম্মেলন শেষ করে ফেরার পথে নানুপুর বাজারে আলাদাভাবে মিছিল করে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। নৌকার মিছিলটি স্থানীয় মির্জা মসজিদ সংলগ্ন আসলে বিপরীতে থাকা পেয়ারুল ইসলামের সমর্থিতদের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ে নৌকা সমর্থিতরা। এ ঘটনা তীব্রতর হয়ে উঠলে এক পর্যায়ে গুলাগুলি আরম্ভ হয়। এ সংঘর্ষে  ছাত্রলীগের সাবেক জিএস আব্দুল কুদ্দুস (৪৫), সৌরভ হোসেন (২৫), মোঃ কাকন (২৭), মোঃ  রাসেদুল আলম (২৬), সৈয়দ এমদাদ হোসেন (৩০) গুলিবিদ্ধ হলে তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান, কর্তব্যরত চিকিৎসক ফুয়াদ মুহাম্মদ আব্দুল হাদি। তিনি আরো জানান, এঘটনায় মোঃ আজম(২৬) ও নুরুল আমিন(৩০) কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। ঘটনার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর পেরাডো গাড়ীটি ভাংচুর করা হয়।

অন্যদিকে, আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই রক্তপাতের সূত্রপাত হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম দু’ধারায় বিভক্ত হয়ে আছে। মূলধারা হিসেবে মুজিব-নাজিমের নেতৃত্বাধীন গ্রুপকে মূল্যায়ন করা হলেও আওয়ামী পরিবার নামে অপর অংশের নেতৃত্বে আছেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, সাবেক এমপি রফিকুল আনোয়ারের অনুজ ফখরুল আনোয়ার ও সাবেক জেলা আওয়ামীলীগ নেতা এইচ এম আবু তৈয়ব। এ গ্রুপটিকে সমর্থন দিয়ে আসছে সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী। নৌকা প্রতীক মহাজোট নেতা নজিবুল বশর মাইজভান্ডারীকে পুনরায় প্রদান করা হলেও আওয়ামীলীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম এ নৌকার বিরুদ্ধে গিয়ে আপেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তৃণমূল নেতাকর্মীদের অভিমত নৌকা-আপেলের এ বিরোধ নিরসন না হলেও ভবিষ্যতে আরো বড় ধরনের সংঘর্ষ-সংঘাত অপেক্ষামান।

এদিকে উপজেলঅ আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক বলেন এ ঘটনায় কোন মামলা করি নাই। মূলত: আওয়ামীলীগের দু’প্রুপের কারনে এঘটনা ঘটেছে।

এব্যাপারে ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতারের নিকট গতকাল মঙ্গলবার বিকালে জানতে চাইলে তিনি বলেন, এখনো থানায় কোন পক্ষই মামলা করতে আসেনি। এলাকায় পুলিশি টহল অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *