চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিরসরাইয়ে বিএনপির ৫ নেতার উপর হামলা, গ্রেপ্তার ৭

প্রকাশ: ২০১৮-১২-১২ ১১:৫৮:৪২ || আপডেট: ২০১৮-১২-১২ ১১:৫৮:৪২

 

 

মিরসরাই প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতা-কর্মীদের উপর সরকারি দলের হামলা ও পুলিশের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার করেরহাট থেকে শাহেরখালী ইউনিয়ন পর্যন্ত এইসব ঘটনা ঘটেছে। উপজেলার করেরহাটে হামলায় আহতরা হলেন সাবেক ইউপি সদস্য নুরুল হুদা, এমরান হোসেন, যুবদল নেতা মোঃ সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আমিন। মিরসরাই ও জোরারগঞ্জ থানায় আটককৃতরা হলেন খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মহিউদ্দিন, শাহেরখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটু, যুবদল নেতা আব্দুল্লাহ আলম মামুন, করেরহাটের বিএনপি নেতা মিয়া সওদারগর, হিঙ্গুলী ইউনিয়ন যুবদল নেতা নাজিম উদ্দিন, ব্যবসায়ী হাজ্বী সেন্টু মিয়া, শিবির কর্মী আশরাফ উদ্দিন।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ ও জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গ্রেপ্তারকৃত অনেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়।

এদিকে বিএনপি অঙ্গ সংগঠন ও জামায়াত, শিবিরের নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন। তিনি নির্বাচন কমিশন ও প্রশানের প্রতি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *