চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

চকরিয়ায় আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে বিএনপির অগ্নিসংযোগ

প্রকাশ: ২০১৮-১২-১৩ ১৬:৫২:৪৫ || আপডেট: ২০১৮-১২-১৩ ১৬:৫৭:১১

কক্সবাজার-১ মহাজোটের প্রার্থী জাফর আলমের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। এসময় আগুনে কার্যালয়ের বেশকিছু আসবাবপত্র, পোস্টার ও ব্যানার পুড়ে ছাই হয়ে যায়। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

এরআগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ছিকলঘাট বাজার এলাকায় আওয়ামীলীগ-বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনাকে কেন্দ্র করে নিবার্চনী কার্যালয়ে অগ্নিসংযোগ করতে পারে বলে দাবী করছেন লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিকলঘাটস্থ বিএনপি নেতা শফিউল্লাহ শফি’র বাড়ি থেকে কক্সবাজার জেলা বিএনপি’র সহ-সভাপতি এনামুল হক, চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবুল মিয়া, লক্ষ্যারচর বিএনপির সভাপতি কামাল উদ্দিন, যুবদলের সাধারণ সম্পাদক আবদুল খালেক ও স্বেচ্ছাসেবকদলের নেতা আনোয়ারের নেতৃত্বে বুধবার বিকেলে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের করে। একইসময়ে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম ও যুবলীগের সাধারণ সম্পাদক জোবাইদুল হক মিন্টুর নেতৃত্বে নৌকা প্রতীকের সমর্থনেও মিছিল বের করে। মিছিল দুটি মুখোমুখি হলে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এঘটনায় উভয়পক্ষের কমবেশি নেতাকর্মী আহত হয়।

এঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেন বলে দাবী করেছেন  স্থানীয় আওয়ামীলীগ নেতারা।

তাদের অভিযোগ, ছিকলঘাট এলাকা আওয়ামীলীগ বিএনপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তারা ক্ষিপ্ত হয়ে নির্বাচনী কার্যালয়টি অগ্নিসংযোগ করেছে। কার্যালয়টি চারপাশে দেয়াল থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। তবে বড়ধরণের ক্ষতি থেকে রক্ষা পেলেও কার্যালয়ের বেশকিছু আসবাবপত্র ও প্রচুর পোস্টার পুড়ে গেছে। কার্যালয়ে অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আওয়ামীলীগ-বিএনপির মধ্যে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী।

পুড়ে যাওয়া নির্বাচনীয় কার্যালয়টি পরিদর্শন করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, লক্ষ্যারচর আওয়ামীলীগের নির্বাচনী কার্যালয় কারা অগ্নিসযোগ করেছে তা তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আওয়ামীলীগের কর্মীর ওপর হামলা করেছে। গভীর রাতে চিহিৃত বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী কার্যালয়টি পুড়িয়ে দিয়েছেন। 

মহাজোটের প্রার্থী জাফর আলম বলেন, এবারে চকরিয়া-পেকুয়া আসনের ভোটাররা পরিবর্তন চায়। তারা নৌকাকে বিজয় করতে নিরলস ভাবে কাজ করছেন। একটি মহল নৌকার বিজয় ঠেকাতে নানাভাবে যড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, আওয়ামীলীগ কর্মীদের ওপর একেরপর এক হামলা করছে। এমন কী নির্বাচনী কার্যালয়ও অগ্নিসংযোগ করেছে। এতোকিছুর পরও নৌকার বিজয় ঠেকাতে পারবে না। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *