মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৮-১২-১৩ ২১:৪৮:৩৩ || আপডেট: ২০১৮-১২-১৩ ২২:১৩:৫১
কক্সবাজার :
উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) নির্বাচনী মাঠ। চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দারের (৬০) ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। এসময় হামলায় বিএনপি যুবদলের আরও ৫কর্মী কমবেশি আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডে নামার চিরিঙ্গা এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এ হামলার শিকার হন। 
একইদিন হামলার ঘটনা ঘটেছে খুটাখালী বাজারে। এদিন ধানের শীষের পক্ষে গণসংযোগকালে বিএনপির কর্মীদের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। সেখানে বিএনপির ৩ নেতাকর্মী কমবেশি আহত হয়েছে। এসময় হামলাকারীরা ৩-৪টি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে দাবী করেছেন বিএনপি নেতা অধ্যাপক ফখরুদ্দীন আহমদ ফরাজী।
বিএনপি সূত্র জানায়, পৌরসভার ৮নং ওয়ার্ডে কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনিত ঐক্যফ্রন্টের প্রার্থী হাসিনা আহমেদের একটি পথসভার প্রস্তুতি চলছিল। এরই অংশ হিসেবে পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দারের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলে অতর্কিতভাবে লাঠি নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় মাহমুদুল হক ও জুয়েল নামের দুই যুবদল নেতা আহত হয়েছে।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ চকরিয়া থানায় নেতাকর্মীদের নিয়ে অভিযোগ করতে যায়। সেখানে তিনি থানার ওসির কক্ষে অবস্থান করেন। ওইসময় থানার বাইরে বিএনপি-যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে থাকে। এসময় আওয়ামীলীগ নেতাকর্মীরাও থানার সামনে জড়ো হতে থাকে। উভয় দলের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে নিরাপত্তার স্বার্থে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। পুলিশ থানার ফটক বন্ধ করার পর আওয়ামীলীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা থানার সামনে মহড়া দিতে থাকে। ওইসময় বিএনপি প্রার্থী হাসিনা আহমদ থানার ভেতর আটকা পড়েন। একরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং বিএনপি নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা করে বলে বিএনপি দাবী করেন। তবে থানার বাইরে কোনধরণের গুলিবর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিএনপি প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ থানায় এসেছিলেন। বিএনপি নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। পরে পুলিশ পাহারায় তাকে পেকুয়ায় পৌছে দেওয়া হয় বলে তিনি জানান।
অপরদিকে এমপি প্রার্থী জাফর আলম অভিযোগ করেছেন, বর্তমানে চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি জনপদে শান্তিপুর্ণ পরিবেশ বিরাজ করলেও নির্বাচনী বৈতরণী পার হতে কৌশলের আশ্রয় নিয়ে বিএনপি প্রার্থী ও তাদের নেতাকর্মীরা প্রতিদিন কোন না কোন ঘটনার গুজব ছড়িয়ে জনমণে বিভ্রান্তি সৃষ্টি করছে। এভাবে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বিঘিœত করার অপচেষ্ঠায় লিপ্ত হয়েছে। নিবার্চনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। ##